আমেরিকায় ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সংঘটিত আলোচিত ৯/১১ সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের সদস্যরা সৌদি আরবের সঙ্গে হামলার সম্ভাব্য যোগসূত্রের বিষয়ে আরও নথি প্রকাশের দাবি জানিয়েছেন।
এবিসি নিউজ জানায়, নথি প্রকাশের জন্য বুধবার ফেডারেল আপিল আদালতে আবেদন করতে চলেছেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা ।
তাদের দাবি, এসব নথিতে বিমান ছিনতাই করে নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে হামলা চালানোর পরিকল্পনায় সৌদি সরকারের সম্ভাব্য সম্পৃক্ততার প্রমাণ রয়েছে।
এ বছর ৯/১১ হামলায় নিহতদের স্মরণে বিভিন্ন আয়োজনে নিহতদের পরিবারের কয়েকজন সদস্যকে অ্যামেরিকান সরকারের সমালোচনা করতে দেখা যায়।
হামলায় নিহত টম স্ট্রাডার বিধবা স্ত্রী টেরি স্ট্রাডা বলেন, বছরের পর বছর ধরে বিভিন্ন সরকারের প্রশাসন সৌদি আরবকে রক্ষা করেছে, কিন্তু হামলায় নিহতদের পরিবারগুলোর পাশে দাঁড়ায়নি।
এখন পর্যন্ত মামলার সূত্রে প্রকাশিত নথিতে ওমর আল-বায়ুমি নামে এক সৌদি নাগরিকের কর্মকাণ্ডের কথা উঠে এসেছে। তিনি ক্যালিফোর্নিয়ায় বসবাস করতেন। নিহতদের পরিবারের দাবি, তিনি সৌদি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন এবং অন্তত দুইজন ৯/১১ হামলাকারীকে সহায়তা করেছিলেন।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন- এফবিআইয়ের তথ্য অনুযায়ী, ৯/১১ হামলায় অংশ নেওয়া অধিকাংশ ছিনতাইকারীই সৌদি নাগরিক ছিলেন। বাকিদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, মিসর ও লেবাননের নাগরিকও ছিলেন।
তবে সৌদি আরব হামলায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা বারবার অস্বীকার করেছে। আদালতে দেশটি নিজেদের অ্যামেরিকার মিত্র এবং আল-কায়েদার ‘শপথবদ্ধ শত্রু’ হিসেবে উল্লেখ করেছে।
সৌদি আরবের সম্পৃক্ততা সংক্রান্ত আরও নথি প্রকাশ করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের হাতে রয়েছে।
হোয়াইট হাউসের একজন মুখপাত্র গত মাসে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ প্রশাসনের নেতৃত্ব দিচ্ছেন এবং নিহতদের পরিবারের অনুরোধের সঙ্গে সংশ্লিষ্ট নথি শনাক্ত করতে প্রশাসন কাজ করছে।