রাশিয়া ও ইউক্রেন উভয় দেশেই জরুরি সতর্কতা জারির অ্যাপে সাইবার হামলা হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানায়, রোববার রাতে প্রায় একই সময়ে চালানো এসব হামলার কারণে দুই দেশের বাসিন্দাদের কাছে ভুয়া সতর্কবার্তা পাঠানো হয়।
ইউক্রেনের বাসিন্দারা বিমান হামলা, তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া, রাসায়নিক হামলা এবং রাস্তায় গোলাগুলির বিষয়ে সতর্কবার্তা পান। দেশটির বিমানবাহিনী বলেছে, শত্রুপক্ষের হামলায় অ্যাপটি হ্যাক হয়ে থাকতে পারে।
অন্যদিকে রাশিয়া জানিয়েছে, তাদের অ্যাপেও বড় ধরনের সাইবার হামলা হয়েছে। এর ফলে হামলাকারীরা সাধারণ মানুষের কাছে ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়ার সুযোগ পেয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভের এক বাসিন্দা বিবিসিকে বলেন, সতর্কবার্তা দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের আরেক বাসিন্দা জানান, সতর্কবার্তায় পারমাণবিক- শব্দটি দেখে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন।
তবে ইউক্রেনের সংসদ সদস্য ওলেক্সান্ডার মেরেঝকো বলেন, নিয়মিত সতর্কবার্তা পেতে পেতে ইউক্রেনের মানুষ এখন অভ্যস্ত হয়ে গেছেন। তাই এসব তথ্য তারা কিছুটা সন্দেহের চোখে দেখেন।
রাশিয়ার অ্যাপে চালানো হামলার পেছনে ইউক্রেনের হাত রয়েছে কি না, তা নিশ্চিত করেননি এই সংসদ সদস্য। দুই দেশের অ্যাপে চালানো হামলার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে প্রায় একই সময়ে হামলার ঘটনাকে পাল্টাপাল্টি প্রতিশোধমূলক সাইবার হামলা হিসেবে দেখা হচ্ছে।