কলোরাডোর ডেনভারে এভারগ্রিন হাই স্কুলে দুই সহপাঠীর ওপর গুলি চালানোর পর নিজের উপর আত্মঘাতী হামলা চালায় এক শিক্ষার্থী।
বুধবার দুপুর একটার দিকে স্কুলের ভেতর এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কোলারাডোর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থা জেফারসন কাউন্টি শেরিফ অফিস।
শেরিফ এর বরাতে এবিসি নিউজ জানায়, ঘটনার পরপরই অভিযুক্ত ও আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ। সেখানে অভিযুক্ত শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত দুই শিক্ষার্থীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
এঘটনায় সাময়িকভাবে স্কুলের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। অভিভাবক ও অন্যান্য শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কলোরাডোর গভর্নর জারেদ পলিস এ ঘটনার শিকার ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য সমবেদনা জানিয়ে বিবৃতি প্রকাশ করেন।
শেরিফ অফিসের মুখপাত্র জেকি কেলি বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই ঘটনা নিঃসন্দেহে ভয়াবহ। ঘটনার কারণ খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সদস্যরা। তবে গোপনীয়তা ও নিরাপত্তার স্বার্থে অভিযুক্তর নাম, পরিচয় গোপন রাখা হয়েছে।’