মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর হাউস অব রিপ্রেজেনটেটিভসে রিপাবলিকান দলের নেতা হিসেবে আবারো পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টা করবেন না স্পিকার মাইক জনসন। জনসনের এ পরিকল্পনা সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
কংগ্রেসের উভয় কক্ষে বড় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। এর মধ্য দিয়ে আমেরিকার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। জীবনযাত্রার ব্যয় কমানো এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের বাকি সময়ের নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়াকে অগ্রাধিকার দিতে চায় দলটি।
নির্বাচনে দেশজুড়ে রিপাবলিকানদের কাছ থেকে একের পর এক আসন ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা। অনেক অপ্রত্যাশিত এলাকাতেও জয় পেয়েছে দলটি। দুই কক্ষেই ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা উল্লেখযোগ্য ব্যবধানে বাড়তে যাচ্ছে।
নির্বাচনের এ ফলাফলে আমেরিকায় বিভক্ত সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। গত দুই বছর কংগ্রেসের উভয় কক্ষ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে ছিল। নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির বিরোধিতা এবং তার প্রশাসনের সিদ্ধান্তগুলোতে বাধা দেওয়ার সুযোগ পাবে দলটি। একইসঙ্গে জনসনের পরিবর্তে ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে একজন হাউস স্পিকারও নির্বাচনের সুযোগ পেতে যাচ্ছে এ দল।