ফ্রান্সজুড়ে বাণিজ্য ইউনিয়ন, ছাত্র ও ইয়েলো ভেস্ট আন্দোলনকারীদের ডাকে তৃতীয় সপ্তাহের মতো দেশব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এদিন সারা দেশে প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। এর মধ্যে শুধু রাজধানী প্যারিসেই জমায়েত হন প্রায় ৭০ হাজার মানুষ, যা গত সপ্তাহের ১ লাখ ১০ হাজার জনসমাগমের তুলনায় কম। তবে বিক্ষোভে মার্সেই ও তুলুজসহ বিভিন্ন শহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রাজধানীর বিক্ষোভ মিছিলটি শেষ গন্তব্যে পৌঁছানোর পর পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কিছু বিক্ষোভকারী হাতুড়ি দিয়ে রাস্তার ইটের খোঁয়া তুলে পুলিশের দিকে ছুড়ে মারেন এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে অন্তত একটি অগ্নিসংযোগকারী ডিভাইস নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত দেশজুড়ে ১৫ হাজার বিক্ষোভকারী অংশ নেন এবং পরিস্থিতি ‘সাধারণত শান্ত’ রয়েছে। সে সময় ২৭ জনকে গ্রেপ্ততার করা হয়, যা গত সপ্তাহের একইসময়ে ছিল ২১৭ জন।