আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ পঞ্চম দিনে গড়িয়েছে। শনিবার রাজধানী তিরানায় শিক্ষা মন্ত্রণালয়ের সামনে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হলে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। এসময় শিক্ষার্থীরা পুলিশের দিকে পাথর ও পেট্রলবোমা ছুঁড়তে শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এর আগে শুক্রবার রাতেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যপক সংঘর্ষ হয়।
সরকারি কর্মকর্তাদের দুর্নীতি, শিক্ষাব্যবস্থার প্রতি সরকারের অবহেলা ও বিলাসবহুল রিসোর্ট প্রকল্পের জন্য উপকূলীয় জমি বিক্রির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশটির বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার তাদের দাবি উপেক্ষা করছে।
এ পর্যন্ত প্রায় ৫০০ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ, যাদের মধ্যে ৩৩০ জনকে ইতোমধ্যে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া সংঘর্ষে প্রায় ১২০ জন পুলিশ সদস্য ও ৪৫ জন বিক্ষোভকারী আহত হয়েছেন।