গাজায় ইযরায়েলি হামলায় আহত ব্যক্তিকে সাহায্য করতে এগিয়ে আসা বেসামরিক প্যালিস্টিনিয়ানদের ওপর বিমান হামলার ঘটনা ঘটেছে। বুধবার প্রকাশিত ফুটেজে দেখা যায়, ইজরায়েলি হামলায় আহত অবস্থায় পড়ে আছে এক ব্যক্তি। তাকে উদ্ধারে ছুটে আসেন স্থানীয়রা। এমন সময় সহায়তাকারীদের ওপর আঘাত হানে ইযরায়েলি ক্ষেপণাস্ত্র।
মঙ্গলবার গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় এই ন্যাক্কারজনক বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এই হামলায় এক শিশুসহ অন্তত দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইযরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, এলাকাটিতে এক অস্ত্রধারীকে লক্ষ্য করে হামলা চালানো হয়। অন্যদিকে খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে চালানো পৃথক হামলায় আমাল আল-মুঘাইর নামে ৮ বছরের এক শিশু নিহত হয়েছে।
ওয়াশিংটনের মধ্যস্ততায় কথিত যুদ্ধবিরতির পর থেকেই গাজায় অন্তত ১৩০০ প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে দখলদার ইজরায়েলি বাহিনী। সব মিলিয়ে অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় পৌনে এক লাখ মানুষকে হত্যা করেছে ইযরায়েলিরা।