২২৬ কোটি ব্যাংকঋণ, দেউলিয়া হচ্ছেন অনন্ত জলিল?
বাংলাদেশী চিত্রনায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্ত।
- 0

বাংলাদেশী চিত্রনায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্ত।

প্রকাশিত: নভেম্বর ৯ ২০২৬, ১২:২৭

ব্যাংকঋণের বোঝা ও আর্থিক সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে চিত্রনায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্তের মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলো। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা। এতে ১০ হাজারের বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। ব্যবসা সচল রাখতে বিনিয়োগকারী কিংবা অংশীদার না পাওয়ায় সংকট কাটিয়ে উঠতে পারছেন না তিনি। এর মধ্যে এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল ও তার স্ত্রীকে আইনি নোটিশ দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।
তৈরি পোশাকশিল্পে ছোট পরিসরে ব্যবসা শুরু করে গত আড়াই দশকে একাধিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন অনন্ত জলিল। এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের তৈরি পোশাকশিল্পে পরিচিতি পান তিনি। ২০১০ সালে চলচ্চিত্রে যুক্ত হওয়ার পর অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে বিয়ে করেন। পরে স্ত্রীকে ব্যবস্থাপনা পরিচালক করে প্রতিষ্ঠা করেন এবি অ্যাপারেলস লিমিটেড।
তবে সময়ের সঙ্গে নানা সংকটে পড়তে থাকে তার ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। একের পর এক কারখানা বন্ধ হওয়ায় বিপুল অঙ্কের ঋণের বোঝা জমেছে। এতে শুধু প্রতিষ্ঠানগুলোই নয়, অর্থায়নকারী ব্যাংকগুলোও পড়েছে অনিশ্চয়তায়।
চেক প্রত্যাখ্যান, ব্যাংকের আইনি নোটিশ
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আইনি নোটিশের তথ্য অনুযায়ী, এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ পুনঃতফসিলের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৮ আগস্ট ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার টার্ম লোন পুনঃতফসিল করে ব্যাংক। পরে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংকের অনুকূলে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ জলিল অনন্ত।
তবে গত ২ নভেম্বর ব্যাংকে জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। এরপর অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠায় ব্যাংক।
নোটিশে বলা হয়েছে, ঋণ পুনঃতফসিলের শর্ত ভঙ্গ করা হয়েছে। নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে চেকে উল্লেখ করা অর্থ পরিশোধ না করলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার বিধান উল্লেখ করা হয়েছে।
ব্যাংকের পক্ষে আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঋণ পুনঃতফসিলের পরও শর্ত ভঙ্গ করায় ব্যাংকের পক্ষ থেকে এ নোটিশ দেওয়া হয়েছে।
করোনার ঋণেই বেড়েছে দেনার বোঝা
ব্যাংকের আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল বলেন, করোনার সময় প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে শ্রমিকদের কাজ না থাকলেও বসিয়ে বসিয়ে বেতন-ভাতা দিয়েছেন। ওই ঋণের সুদসহ বর্তমানে দেনার পরিমাণ অনেক বেড়ে গেছে।
তিনি আরও বলেন, করোনা মহামারি, ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে ব্যবসায় এমন সংকট তৈরি হয়েছে। ব্যাংকের সহযোগিতা ছাড়া এ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।
বিনিয়োগকারী না পেয়ে বন্ধ কারখানা
অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রগুলোর ভাষ্য, ব্যবসা পুনরায় সচল করতে বিভিন্নভাবে চেষ্টা করেছেন তিনি। সম্ভাব্য বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেছেন। একাধিক চীনা ব্যবসায়ী ও উদ্যোক্তার সঙ্গেও আলোচনা করেছেন। তবে কোনো উদ্যোগ থেকেই আশানুরূপ সাড়া পাননি। এমনকি কারখানা পরিচালনার জন্য ভাড়াটিয়াও পাওয়া যায়নি।
এদিকে গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এতে প্রতিষ্ঠানগুলোর উৎপাদন কার্যক্রম আরও সংকটে পড়েছে।
অন্যদিকে অনন্ত জলিলের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থায়নকারী ব্যাংকগুলোও উদ্বেগের মধ্যে রয়েছে। শত শত কোটি টাকার ঋণ পুনঃতফসিলের পরও শর্ত ভঙ্গ এবং বিপুল অঙ্কের টাকার চেক প্রত্যাখ্যাত হওয়ায় বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের পাওনা পরিশোধ না করলে প্রথমে চেক ডিজঅনারের মামলা এবং পরে অর্থঋণ আদালতে মামলা করতে পারে ব্যাংক।
একসময় চলচ্চিত্র ও তৈরি পোশাকশিল্প—দুই অঙ্গনেই আলোচিত নাম ছিলেন অনন্ত জলিল। এখন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সংকট শুধু ব্যাংক ও শ্রমিকদের নয়, সরবরাহকারী এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। চলচ্চিত্রে সময় দেওয়ার কারণে ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি। বরং করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিকে ব্যবসার বর্তমান অবস্থার জন্য দায়ী করেছেন।
সব মিলিয়ে বড় অঙ্কের ঋণ, বন্ধ কারখানা, কর্মহীন শ্রমিক এবং ব্যাংকের আইনি পদক্ষেপ—সবকিছু মিলিয়ে অনন্ত জলিলের ব্যবসায়িক সাম্রাজ্যের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।
