এইচ-১বি ভিসা সংকটের মাঝেই মেধাবীদের জন্য চীনের বড় চমক

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২ ২০২৫, ৮:১৪

নতুন নিয়মগুলো ১ অক্টোবর থেকে কার্যকর হবে। ছবি: এনডিটিভি

নতুন নিয়মগুলো ১ অক্টোবর থেকে কার্যকর হবে। ছবি: এনডিটিভি

  • 0

এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো নতুন সময়ে চীনের কর্মশক্তি উন্নয়ন কৌশল আরও বাস্তবায়ন করা। এবং বিদেশী তরুণ বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে প্রতিভাবানদের চীনে প্রবেশ সহজতর করা।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ১০০,০০০ ডলারের নতুন ভিসা ফি নিয়ে সৃষ্ট আতঙ্কের মাঝেই বড় চমকের ঘোষণা দিল চীন। আন্তর্জাতিক মেধাবী তরুণ বিজ্ঞানী ও প্রযুক্তি খাতে আকৃষ্ট করতে নতুন ভিসার ঘোষণা দিয়েছে দেশটি।

যার ধারাবাহিকতায় বেইজিংয়ের সাধারণ ভিসা বিভাগে ‘কে ভিসা’ যুক্ত করা হয়েছে। এটি যোগ্য তরুণ বিজ্ঞানী ও প্রযুক্তি পেশাদারদের জন্য উন্মুক্ত থাকবে।

চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বিদেশীদের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ সংশোধনের একটি ডিক্রি স্বাক্ষর করেছেন। নতুন নিয়মগুলো ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

চীনের বিদ্যমান ১২টি সাধারণ ভিসার তুলনায় নতুন ‘কে ভিসা’ ধারকদের জন্য আরও বেশি সুবিধা যোগ করেছে। এতে থাকছে অনুমোদিত প্রবেশ, দীর্ঘ বৈধতা এবং দীর্ঘ সময়কাল পর্যন্ত চীনে থাকার অনুমতির মতো সুবিধা।

চীনে প্রবেশের পর, ‘কে’ ভিসাধারীরা শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি উদ্যোক্তা এবং ব্যবসায়িক কার্যক্রমেও অংশ নিতে পারবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কে ভিসার জন্য আবেদনকারীদের চীনা কর্তৃপক্ষ নির্ধারিত যোগ্যতা ও প্রয়োজনীয়তা পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।

কে ভিসার জন্য আবেদন করতে কোনো বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা বা কাজের অভিজ্ঞতার বাধা নেই। এছাড়াও, কোনো চীনা নিয়োগকর্তা বা আমন্ত্রণপত্রের প্রয়োজন নেই। তাই আগের তুলনায় আবেদন করা অনেক সহজ হয়েছে।

এক বিবৃতিতে বেইজিং জানিয়েছে, দেশের উন্নয়নের জন্য বিশ্বজুড়ে প্রতিভার অংশগ্রহণ প্রয়োজন। চীনের উন্নয়নও এই প্রতিভাদের জন্য নতুন সুযোগ তৈরি করছে।

সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো নতুন সময়ে চীনের কর্মশক্তি উন্নয়ন কৌশল আরও বাস্তবায়ন করা। এবং বিদেশী তরুণ বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে প্রতিভাবানদের চীনে প্রবেশ সহজতর করা, তাদের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় বাড়ানো।

সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বিনিময় বাড়ানোর জন্য চীন তার ভিসা নিয়ম সহজ করছে। জুলাইয়ের শেষ নাগাদ, দেশটি ৭৫টিরও বেশি দেশের সঙ্গে একতরফা বা পারস্পরিক ভিসা-ছাড় চুক্তি চালু করেছে।

ভিসা নীতি শিথিল করার ফলে চীনে আন্তর্জাতিক দর্শনার্থীদের আগমন বৃদ্ধি পেয়েছে। বেইজিংয়ের জাতীয় অভিবাসন প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে বিদেশী নাগরিকরা চীনে বা চীনের বাইরে মোট ৩৮ দশমিক ০৫ মিলিয়ন ভ্রমণ করেছেন বিগত বছরগুলোর তুলনায় ৩০ দশমিক ২ শতাংশ বেশি। এই ভ্রমণের মধ্যে, ১.৩৬ দশমিক ৪ মিলিয়ন ভিসা-মুক্ত প্রবেশ অন্তর্ভুক্ত ছিল, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৩ দশমিক ৯ শতাংশ বেশি।