আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা এআই'র কারণে জাতীয় নিরাপত্তা ঝুঁকি এড়াতে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক নোটিফিকেশন ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা করেছে চীন ও অ্যামেরিকা।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আজ সোমবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে অ্যামেরিকান প্রতিনিধি হিসেবে ছিলেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও বাণিজ্যিক প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। অন্যদিকে চীনের প্রতিনিধি হিসেবে অংশ নেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।
এআই শিল্পে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই দেশ হলো অ্যামেরিকা ও চীন। উভয় দেশের মধ্যে রয়েছে এআই নিয়ে শীতল যুদ্ধ। বেসেন্ট তার এক বক্তব্যে জানান, এবার এআই থেকে তৈরি জাতীয় নিরাপত্তা ঝুঁকি সম্পর্কিত নোটিফিকেশন আদান-প্রদানের মাধ্যমে একে অপরকে সহযোগিতা করবে দুই দেশ।
বেসেন্ট তার এক বক্তব্যে বিষয়টি ব্যাখ্যা করে বলেন,’ আমরা এটিকে অন্যান্য আন্তঃসীমা কার্যক্রমের মতোই দেখছি, যা এআই শিল্পে বিশ্বের ১ ও ২ নম্বরে থাকা দুই দেশের মধ্যে এ সংক্রান্ত গোপনীয়তা ভেঙে স্বচ্ছতা ও সহযোগিতার পথ তৈরি করবে।
আলোচনাটি এমন সময় অনুষ্ঠিত হলো, যখন আর দুইদিন পরই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে অ্যামেরিকা সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
সফরে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হবে এআই নির্ভর অর্থনৈতিক খাত, পারস্পরিক সহযোগিতা ও জাতীয় নিরাপত্তা। আসন্ন বৈঠকের বিষয়বস্তু এগিয়ে নিতে দুই দেশের প্রতিনিধিতের মধ্যে এ আলোচনা হয়।
এআই ছাড়াও শুল্ক, বাণিজ্য, ইরান ও তাইওয়ান ইস্যুতেও আলোচনা করবে দুই দেশ।