আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স তথা এআই প্রযুক্তি নির্ভর শিল্প এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় থেকে কলা, মানবিক ও ভাষা বিষয়ক স্নাতক পর্যায়ের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন।
চীনের পরিকল্পিত এআই নির্ভর অর্থনীতি গড়ে তোলার উদ্যোগের সঙ্গে শিক্ষাব্যবস্থায় সামঞ্জস্য রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
২০৩০ সালের ভিতর এআই খাতে বিশ্বে শীর্ষ অবস্থান নেওয়া ও এর মাধ্যমে বহুগুণ উৎপাদন বাড়িয়ে তোলার লক্ষ্য নিয়েছে চীন।
দেশটির সংবাদমাধ্যম সাউথ মর্নিং চায়না পোস্ট জানায়, এ অবস্থায় নীতি নির্ধারকদের কাছে কলা ও মানবিক বিভাগের অনেক বিষয়বস্তু অপ্রয়োজনীয় ও সেকেলে হয়ে উঠেছে।
ইতোমধ্যে, ২০২১-২০২৫ সালের মধ্যে উচ্চশিক্ষা পর্যায়ে এইআই ও প্রযুক্তি সম্পর্কিত নতুন ১০হাজার ২০০টি স্নাতক ডিগ্রি যুক্ত করেছে দেশটি।
চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সদ্য স্নাতকসম্পন্ন এক শিক্ষার্থী জানান, এআই প্রচলিত অনেক কর্মসংস্থান সংকুচিত করে ফেলেছে। কর্মসংস্থান কমে যাওয়ায় , বিশ্ববিদ্যালয় তার ডিগ্রিটিও বন্ধ করে দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী বলেন, ‘এআইয়ের দ্রুত প্রসার প্রোডাক্ট ডিজাইন খাতে ব্যাপক প্রভাব ফেলেছে। মডেলিং ও রেন্ডারিংয়ের মতো কাজগুলো এখন এআই দিয়েই সম্ভব।‘
পাঠ্যক্রমে এআইকে বিস্তরভাবে অন্তর্ভুক্ত করতে বিভিন্ন দেশ কাজ শুরু করেছে, যার মধ্যে চীনের এ উদ্যোগ এখন সবচেয়ে বেশি আলোচনায়।
এছাড়া, ভারত তাদের শিক্ষাক্রমে সরাসরি এআই বিষয়ক মডিউল অন্তর্ভুক্ত করেছে। স্পেনের পাঠ্যক্রমে ‘ডিজিটাল স্পেন’-এর অংশ হিসেবে এই স্বাক্ষরতা অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে জাতীয় এআই শিক্ষা উদ্যোগ চালু আছে এবং কাজাখিস্তানে এআইকে টিকে থাকার লড়াই হিসেবে উল্লেখ করে নতুন শিক্ষা কৌশল তৈরি হচ্ছে।