বাংলাদেশি শান্তিরক্ষীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব চান প্রধান উপদেষ্টা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬ ২০২৫, ১৯:২৬ হালনাগাদ: নভেম্বর ২২ ২০২৫, ২১:০২

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত কয়েকজন বাংলাদেশি। ছবি: ইউনাইটেড ন্যাশন্স পিসকিপিং

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত কয়েকজন বাংলাদেশি। ছবি: ইউনাইটেড ন্যাশন্স পিসকিপিং

  • 0

প্রধান উপদেষ্টা বলেন, ‘একাধিক গবেষণায় এ কথা বারবার প্রমাণিত হয়েছে যে, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম অন্য যেকোনো একপাক্ষিক শান্তিরক্ষা উদ্যোগের তুলনায় অধিক টেকসই ও কার্যকর। তাই বিশ্বের শান্তি রক্ষাকারী এই কার্যক্রমের ধারাবাহিকতা ও কার্যকারিতা রক্ষায়—আমরা জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানের জন্য স্পষ্ট ও বাস্তবসম্মত ম্যান্ডেট এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দ করবার দাবি জানাই।’

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে থাকা বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বাহিনীর নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে শুক্রবার দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে আমরা বিশ্বাস করি যে, আমাদের একটি শান্তির সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে সর্বস্তরে সহনশীলতা, অহিংসা, সংলাপ ও সহযোগিতার মূল্যবোধ প্রতিষ্ঠিত করা হবে। গত সাড়ে তিন দশক ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে আমাদের অংশগ্রহণ, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রতি আমাদের নিরবচ্ছিন্ন অঙ্গীকারের এক বাস্তব প্রমাণ।

‘এমনকি এই মুহূর্তে প্রায় ছয় হাজার বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের সবচেয়ে সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে জাতিসংঘের আওতায় দায়িত্ব পালন করছেন এবং আজ পর্যন্ত মোট ১৬৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী তাদের দায়িত্ব পালনকালে শহীদ হয়েছেন।’

তিনি বলেন, ‘একাধিক গবেষণায় এ কথা বারবার প্রমাণিত হয়েছে যে, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম অন্য যেকোনো একপাক্ষিক শান্তিরক্ষা উদ্যোগের তুলনায় অধিক টেকসই ও কার্যকর। তাই বিশ্বের শান্তি রক্ষাকারী এই কার্যক্রমের ধারাবাহিকতা ও কার্যকারিতা রক্ষায়—আমরা জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানের জন্য স্পষ্ট ও বাস্তবসম্মত ম্যান্ডেট এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দ করবার দাবি জানাই।

‘শান্তিরক্ষীদের নিরাপত্তা এবং তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করাও সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত।’