হত্যায় অভিযুক্তকে মাফ করে দিলেন চার্লি কার্কের স্ত্রী

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২ ২০২৫, ০:১৯ হালনাগাদ: মার্চ ১২ ২০২৬, ২:৫০

চার্লি কার্কের স্ত্রী এরিকা কার্ক। ছবি: রয়টার্স

চার্লি কার্কের স্ত্রী এরিকা কার্ক। ছবি: রয়টার্স

  • 0

স্মরণসভায় চার্লি কার্কের বিধবা স্ত্রী এরিকা জানান, তার স্বামী অ্যামেরিকার তরুণদের বাঁচাতে চেয়েছিলেন, যাদের মধ্যে রয়েছেন তাকে হত্যাকারী তরুণটিও।

চার্লি কার্ক হত্যায় অভিযুক্ত টাইলার রবিনসনকে মাফ করে দেওয়ার কথা জানিয়েছেন রক্ষণশীল অ্যাকটিভিস্টের স্ত্রী এরিকা কার্ক।

অ্যারিজোনার ফুটবল স্টেডিয়ামে রবিবার চার্লি কার্কের স্মরণসভায় এসে তিনি এ কথা জানান।

রক্ষণশীল শিক্ষার্থী অ্যাকটিভিস্ট গ্রুপ ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র মাধ্যমে রিপাবলিকানদের জন্য সমর্থন আদায়কারী হিসেবে পরিচিত ছিলেন ৩১ বছর বয়সী চার্লি কার্ক। ইউটাহর একটি মঞ্চে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে বিতর্কের সময় গত ১০ সেপ্টেম্বর গুলিতে নিহত হন তিনি।

কার্ক হত্যার ঘটনায় অভিযুক্ত করা হযেছে একটি টেকনিক্যাল কলেজের ২২ বছরের ছাত্র রবিনসনকে, যিনি তার সঙ্গীকে খুদেবার্তায় হত্যার কথা জানিয়েছেন।

ওই তরুণের ভাষ্য, যথেষ্ট পরিমাণ ঘৃণা থেকে তিনি কার্ককে হত্যা করেন।

এ হত্যাকাণ্ড অ্যামেরিকার বিভিন্ন মতাদর্শিক বলয়ে রাজনৈতিক সহিংসতার ক্রমশ পুনরাবৃত্তি নিয়ে শঙ্কা জগিয়েছে। একই সঙ্গে এটি দলগত বিভেদ গভীরতর করে তুলেছে।

স্মরণসভায় চার্লি কার্কের বিধবা স্ত্রী এরিকা জানান, তার স্বামী অ্যামেরিকার তরুণদের বাঁচাতে চেয়েছিলেন, যাদের মধ্যে রয়েছেন তাকে হত্যাকারী তরুণটিও।

তিনি বলেন, ‘ঘৃণার জবাব ঘৃণা নয়।’

কার্কের স্ত্রী জানান, তিনি চার্লি কার্ক হত্যায় অভিযুক্ত টাইলার রবিনসনকে মাফ করে দিয়েছেন।

কান্না চেপে রেখে তিনি বলেন, ‘ওই তরুণ ব্যক্তি; আমি তাকে ক্ষমা করে দিয়েছি।’

গ্লেনডেইলের স্টেইট ফার্ম স্টেডিয়ামে চার্লি কার্কের স্মরণসভায় হাজারো শোকার্থীর সঙ্গে যোগ দেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পসহ শীর্ষস্থানীয় রিপাবলিকানরা। এ ছাড়া বিলিয়নেয়ার ইলন মাস্ককেও দেখা যায় এ অনুষ্ঠানে।