রক্ষণশীলরা জনৈতিক কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর যেসব বিদেশি নাগরিক সন্তোষ জানিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে স্টেইট ডিপার্টমেন্ট।
একাধিক কর্মকর্তার বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, কার্কের মৃত্যুতে দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের প্রতিক্রিয়া নজরে এনেছে স্টেইট ডিপার্টমেন্ট।
এ বিষয়ে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএসের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর পাবলিক অ্যাফেয়ার্স ট্রিশা ম্যাকলগলিন জানান, অ্যামেরিকায় বসবাসরত বিদেশি নাগরিকরা হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গাইলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
কার্ক হত্যাকাণ্ডে সন্তোষ জানানো বিদেশি নাগরিকদের সতর্ক করে তিনি জানান, নৃশংস হত্যাকাণ্ডে সায় দেওয়া বিদেশি নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে।
ভিন্নমতের কারণে কাউকে হত্যার বৈধতা দেওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, বিদেশি নাগরিকরা অ্যামেরিকায় বসবাসের অনুমতিকে অধিকার মনে করলে ভুল করবেন।
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর কারণে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের কর্মকর্তারা হামলার শিকার হচ্ছেন জানিয়ে ম্যাকলগলিন জানান, দেশকে অপরাধীদের হাত থেকে মুক্তি দিতে আইস কর্মকর্তার ঝুঁকি নিচ্ছেন।
দেশে চলমান অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।
এদিকে চার্লি কার্ক হত্যাকাণ্ডের তদন্ত বিষয়ে এফবিআই কর্মকর্তারা গড়িমসি করছেন কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেলকে তলব করেছে সিনেট জুডিশিয়াল কমিটি।
এমএসএনবিসি জানায়, কুখ্যাত অপরাধী জেফরি এপস্টিনের নথি বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে যাচ্ছেন ক্যাশ প্যাটেল।
সিনেটের জিজ্ঞাসাবাদের পরই হাউস জুডিশিয়াল কমিটির সামনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন এফবিআই ডিরেক্টর।
এফবিআইয়ের সাবেক কর্মকর্তা ক্রিস্টোফার ও’লিয়েরি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দেওয়া ছাড়া ক্যাশ প্যাটেল এতদিন কোনো দায়িত্ব শেষ করতে পারেননি। প্যাটেলের মতো পরিচালক পাওয়া এফবিআইয়ের জন্য লজ্জাজনক ঘটনা।
এদিকে নিউ ইয়র্ক ইয়ং রিপাবলিকানসের প্রেসিডেন্ট স্টেফানো ফোর্টে বলেছেন, চার্লি কার্কের মতো নিষ্ঠাবান রাজনৈতিক কর্মীর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।
ম্যাগা প্রজেক্ট বাস্তবায়নে তরুণ ভোটারদের ঐক্যবদ্ধ করতে কার্কের অবদানকে ভুলতে পারবেন না জানিয়ে তিনি বলেন, এ দেশের তরুণ ভোটাররা কার্কের কাছে কৃতজ্ঞ।