চলতি সপ্তাহে ২৩৮ জন ইরানি নাবিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে শ্রীলঙ্কা। ফেরত পাঠানো নাবিকদের মধ্যে আছেন অ্যামেরিকান টর্পেডো হামলার শিকার ৩২ জন নাবিক।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার ফ্রাঙ্কলিন জোসেফ জানান, শ্রীলঙ্কায় পৌঁছানো ইরানের দ্বিতীয় জাহাজের কয়েকজন ক্রু ছাড়া সবাইকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
সংবাদমাধ্যম এপি নিউজ জানায়, গত ৪ মার্চ সাবমেরিন থেকে ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনায় টর্পেডো হামলা চালায় অ্যামেরিকান বাহিনী।
যুদ্ধজাহাজটি তখন ভারতীয় নৌ মহড়ায় অংশ নিয়ে ফিরছিল। শ্রীলঙ্কার উপকূলে হওয়া এ হামলায় দেশটির নৌবাহিনী ৮৭জনের মরদেহ উদ্ধার করে। পাশপাশি হামলায় আহত ৩২জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অ্যামেরিকান সাবমেরিন কর্তৃক এটিই প্রথম সরাসরি টর্পেডো হামলার ঘটনা।
এদিকে ইরানের অপর একটি জাহাজে ক্রুরা প্রযুক্তিগত সমস্যায় পড়লে, সেটি শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের বন্দরে নিয়ে আসা হয়।