স্পেইনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মাদ্রিগেরাস শহরে আকস্মিক বন্যায় ১০২ বছর বয়সী এক নারীর প্রাণহানি ঘটেছে। শনিবার আঞ্চলিক কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
কাস্তিয়া-লা-মানচা অঞ্চলের কর্তৃপক্ষ জানায়, ৪ হাজার ৭৬০ জন বাসিন্দার শহরটিতে প্রতি বর্গমিটারে ১৪২ লিটার বৃষ্টিপাত হয়েছে। স্পেইনের আবহাওয়া সংস্থা এইএমইটি শনিবার দেশটির বিভিন্ন এলাকায় কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে।
এদিন প্রবল বৃষ্টিতে রাস্তায় গাড়ি ভেসে যায়। ফায়ার সার্ভিস এখন পর্যন্ত ৯০ জনকে নিরাপদে সরিয়ে নিয়েছে। কাস্তিয়া-লা-মানচার সরকারি প্রতিনিধি হোসে পাবলো সাব্রিদো ক্ষয়ক্ষতিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, গির্জা, ব্যারাক ও টাউন হলও পানিতে তলিয়ে গেছে। বাসিন্দারা জানান, পানির স্রোত পথে যা পেয়েছে, সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। স্পেনে রেকর্ডের উষ্ণতম গ্রীষ্মের পর এই বন্যা দেখা দিলো।