ছয় মাস আগে সারোগেসির মাধ্যমে অন্তঃসত্ত্বা হন এক ক্যাথলিক স্কুলের শিক্ষিকা। দুই সপ্তাহ আগে বিষয়টি তিনি জানান স্কুলের এক কর্মকর্তাকে। এতেই বাধে বিপত্তি।
জাদিরা বনিয়া নামের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ ওঠে চুক্তি ও নিয়ম ভঙ্গের। এ ঘটনায় তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় কর্তৃপক্ষ।
আইউইটনেস নিউজ জানায়, সারোগেসির মাধ্যমে গর্ভধারণ করা জাদিরা বনিয়া নিউজার্সির ভিনল্যান্ড শহরের সেইন্ট মেরি ক্যাথলিক স্কুলে কর্মরত ছিলেন।
এ ঘটনায় গত ১২ সেপ্টেম্বর তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
তাদের এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের আশা ছিল বনিয়া ক্যাথলিক শিক্ষায় সারোগেসি সম্পর্কে কী বলা হয়েছে তা বুঝবেন, কিন্তু এমনটা ঘটেনি। আমাদের একজন শিক্ষক হিসেবে তিনি সম্মানিত। আমরা আশা করি তিনি ক্যাথলিক বিশ্বাসের ওপর পুরোপুরি জ্ঞান নিয়ে আবার শিক্ষকতায় ফিরবেন।‘
বিবৃতির পর বনিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার বিরুদ্ধে স্কুলের নিয়ম ও চুক্তি ভঙ্গের অভিযোগ উঠেছে, কিন্তু ঠিক কীভাবে চুক্তি ভঙ্গ করেছি তার লিখিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
‘উপরন্তু এক বৈঠকে ডেকে একজন কর্মকর্তা বাজেভাবে প্রতিক্রিয়া জানান। ওই কর্মকর্তা বলেন, তুমি তোমার জরায়ু ভাড়া দিচ্ছো।‘
তিনি আরও উল্লেখ করেন, এর আগে ভিন্ন একটি ক্যাথলিক স্কুলে পড়ানোর সময়ও তিনি সারোগেসির মাধ্যমে গর্ভধারণ করেছিলেন। এ নিয়ে তাকে কোনো সমস্যায় পড়তে হয়নি, তবে এখন নিজের চাকরির নিশ্চয়তা নিয়ে শঙ্কিত আছেন।
সারোগেসি কোনো অনুশোচনার বিষয় নয় বলেও মন্তব্য করেন ৩৫ বছর বয়সী এই নারী।
ক্যাথলিক মতাদর্শে সারোগেসি প্রক্রিয়াকে মানব মর্যাদা ধ্বংস এবং প্রাকৃতিক প্রজনন ব্যবস্থা লঙ্ঘনের কারণ হিসেবে দেখা হয়।
সর্বশেষ এ বিষয়ে বনিয়াকে শনিবার একটি বৈঠকে অংশ নিতে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।