চীনের উত্তরাঞ্চলের একটি কয়লাখনিতে দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো অন্তত ৯০ জন খনিশ্রমিক ভূগর্ভে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, শুক্রবার রাতে শানসি প্রদেশের চাংঝি শহরের লিউশেনইউ কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে।
খনির ভেতরে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা স্বাভাবিক সীমা ছাড়িয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার সময় খনির নিচে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে ১৫৭ জনকে উদ্ধার করে ওপরে আনা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
এখনো খনির ভেতরে আটকে থাকা ৯০ জনের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।