ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে শুক্রবারের দাবানলে ৫৭০ একর এলাকা পুড়ে যাওয়ার পাশাপাশি সাতটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাতে আগুন নিয়ন্ত্রণে অগ্রগতি হওয়ার পর এসব তথ্য জানিয়েছে অরেঞ্জ কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, নর্তে ফায়ার নামে পরিচিত এই দাবানলের ২৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তারপর স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। তবে আগুন নেভাতে তখনো কাজ করছিলেন ফায়ার ফাইটাররা। শুক্রবার দুপুরের দিকে সান ক্লেমেন্তে এলাকায় আগুনের সূত্রপাত হয়। দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে হাজারো মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যেতে হয়। আগুনের সর্বোচ্চ বিস্তারের সময় প্রায় ৪ হাজার ৬০০টি বাড়ি এবং ১৬ হাজার মানুষ সরিয়ে নেওয়ার নির্দেশের আওতায় ছিলেন।
পরিস্থিতির উন্নতি হওয়ায় সান ক্লেমেন্তের কয়েকটি এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ প্রত্যাহার করা হয়। সান হুয়ান ক্যাপিস্ট্রানোর একটি এলাকাতেও বাসিন্দাদের ধীরে ধীরে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়।
অরেঞ্জ কাউন্টি ফায়ার কর্তৃপক্ষের প্রধান টি জে ম্যাকগভার্ন বলেন, আবহাওয়া ও ভৌগোলিক অবস্থানের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রবল বাতাস পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে।
কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে কোনো বাসিন্দা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
তীব্র গরম ও সান্তা আনা অঞ্চলের প্রবল বাতাসের মধ্যে এ দাবানলের সূত্রপাত হয়। শনিবার রাত পর্যন্ত লস অ্যাঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টি এবং অ্যান্টিলোপ ভ্যালির পাদদেশীয় এলাকায় দাবানলের উচ্চ ঝুঁকির সতর্কতা জারি ছিল।
এদিকে, সান দিয়েগো কাউন্টির ক্যাম্প পেন্ডলটনে হেন্ডারসন ফায়ার নামে আরেকটি দাবানলে ২ হাজার ৭৯ একর এলাকা পুড়ে গেছে। নর্তে ফায়ারের প্রায় ২০ মাইল (৩২ কিলোমিটার) উত্তরে এই আগুনের সূত্রপাত হয়।