আইফোনের অপারেটিং সিস্টেম আইওএস-এ প্রতিযোগিতা সীমিত করার অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে প্রায় ৮ মিলিয়ন ডলার জরিমানা চেয়েছে চিলির প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ারও আবেদন জানিয়েছে সংস্থাটি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) চিলির ন্যাশনাল ইকোনমিক প্রসিকিউটরস অফিস (এফএনই) দেশটির অ্যান্টিট্রাস্ট আদালতে এ আবেদন করে। সংস্থাটির অভিযোগ, অন্তত ২০১৯ সাল থেকে আইওএস-এ অ্যাপ বিতরণ ও ডিজিটাল পণ্য কেনার ক্ষেত্রে অ্যাপলের নীতিমালা প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করেছে।
এফএনইর দাবি, আইফোনে অ্যাপ স্টোরের বাইরে থেকে অ্যাপ ইনস্টল এবং বিকল্প অ্যাপ স্টোর ব্যবহারের সুযোগ সীমিত করে রেখেছে অ্যাপল। ফলে অ্যাপ ডেভেলপার ও ব্যবহারকারীদের অ্যাপল অ্যাপ স্টোরের ওপর নির্ভর করতে হচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, তদন্তে চিহ্নিত সময়কালে সংশ্লিষ্ট পণ্য ও সেবা থেকে অ্যাপলের আয়ের ৩০ শতাংশের সমপরিমাণ জরিমানা চাওয়া হয়েছে।
অন্যদিকে, নিরাপত্তা ও ব্যবহারকারীদের গোপনীয়তা সুরক্ষার জন্য এসব বিধিনিষেধ প্রয়োজন বলে যুক্তি দিয়েছে অ্যাপল। তবে এফএনইর মূল্যায়নে, এ ধরনের বিধিনিষেধ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত এবং অসামঞ্জস্যপূর্ণ।
এফএনই আদালতের কাছে তৃতীয় পক্ষের অ্যাপ ও বিকল্প অ্যাপ স্টোর ব্যবহারের সুযোগ চালু, বিকল্প পেমেন্ট ব্যবস্থা অনুমোদন এবং ডেভেলপারদের ব্যবহারকারীদের বিকল্প মূল্য ও পেমেন্ট পদ্ধতি সম্পর্কে জানানোর সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে।
তবে জরিমানার বিষয়ে এখনো আদালতের কোনো সিদ্ধান্ত হয়নি। এ আবেদন চিলিতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক নীতিমালা নিয়ে বাড়তে থাকা নিয়ন্ত্রক নজরদারির অংশ।