ইযরায়েলে গত ২৭ অক্টোবর নির্বাচনের পরপরই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ফোন করেন প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। ফোন পেয়ে আবারো গাযা শন্তি পরিকল্পনার পরবর্তী ধাপ বাস্তবায়নে নেতানিয়াহুকে পদক্ষেপের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
রবিবার বিশেষ এক প্রতিবেদনে দুই নেতার সাম্প্রতিক ফোনালাপের বিষয়টি জানিয়েছে অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, ইযরায়েলের নির্বাচনের কারণে গাযা নিরস্ত্রীকরণ সংক্রান্ত রোডম্যাপ কয়েক মাস ধরে পিছিয়ে গেছে। এজন্য থমকে থাকা শান্তি পরিকল্পনা এগিয়ে নেয়ার তাগিদে দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ফোনালাপে আরো যুক্ত ছিলেন স্টেইট সেক্রেটারি মার্কো রুবিও এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এসময় তারা ইরান সংঘাত নিয়েও আলোচনা করেন বলে জানায় অ্যাক্সিওস।
ওয়াশিংটনের এক কর্মকর্তার দাবি, গাযা পরিকল্পনা বাস্তবায়ন চ্যালেঞ্জিং হলেও এটি ইযরায়েলের স্বার্থের অনুকূলেই রয়েছে। তাই এতে ইযরায়েল সরকারের পূর্ণ সহযোগিতা চেয়েছে ট্রাম্প প্রশাসন।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আইয্যানোকট ও নেতানিয়াহু ‘নীতির দিক থেকে অনেকটাই একই রকম’।
প্রেসিডেন্ট আরো বলেন, ‘তিনি (আইয্যানকট) আমার সম্পর্কে খুব ভালো ভালো কথা বলেছেন। তিনি বলেন যে, তিনি ট্রাম্পকে ভালোবাসেন, কিন্তু… কী ঘটছে তা আমি দেখিনি। এটা নিশ্চিতভাবেই তার এবং নেতানিয়াহুর মধ্যে একটি প্রতিযোগিতা। দেখা যাক কী হয়।’
এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প মূলত আইয্যানকট সমর্থন দিয়েছেন বলেই ধারণা বিশ্লেষকদের। ইযরায়েলে আইয্যানকট সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট আইয্যাক হার্যগের কাছ থেকে ম্যান্ডেট পেয়েছেন। কিন্তু নির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তার জন্য সরকার গঠন এখনো বড় চ্যালেঞ্জ হয়ে আছে।
অনেকগুলো যদি, কিন্তু’র ওপর নির্ভর করছে আইয্যানকটের নেতৃত্বাধীন পরবর্তী সরকারের গঠন ও তেল আভিভের রাজনৈতিক স্থিতিশীলতা।
বিশ্লেষকদের মতে, আইয্যানকট প্রধানমন্ত্রী হলে ট্রাম্পের গাযা শান্তি পরিকল্পনা এগিয়ে নেয়া সহজ হতে পারে। কারণ, যতবারই গাযা পরিকল্পনার দ্বিতীয় ধাপের কার্যক্রমের অগ্রগতি হয়, ততবারই তা থামিয়ে দিয়েছেন নেতানিয়াহু। এ নিয়ে নেতানিয়াহর ওপর ট্রাম্প কিছুটা বিরক্তও।
ইযরায়েলের নির্বাচনের আগে নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের প্রকাশ্য সমর্থন প্রকাশে বিলম্ব করাও সেদিকেই ইঙ্গিত দেয়। এরপর এখন সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর প্রতি বিশেষ সমর্থন না থাকাও সেই ইঙ্গিতকেই আরো জোরালো করেছে।