ডেমোক্র্যাট ও অভিবাসীদের বিরুদ্ধে ‘ওয়ার অন ফ্রড’ ঘোষণা ট্রাম্পের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫ ২০২৬, ১৩:০৯

স্টেট অব দ্য ইউনিয়ন অধিবেশনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

স্টেট অব দ্য ইউনিয়ন অধিবেশনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

  • 0

ট্রাম্প জানান, নতুন এ অভিযানটি ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন স্টেইটগুলোর দূর্নীতি, জালিয়াতি বন্ধ, অবৈধভাবে বসবাসরত অভিবাসী অপসারণ ও জালিয়াতির সঙ্গে যুক্ত অপরাধীদের শাস্তি প্রদান করবে।

অ্যামেরিকার প্রেসিডেন্টের বার্ষিক ভাষণ তথা স্টেট অব দ্য ইউনিয়ন স্পিচে অভিবাসী ও ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন স্টেইটগুলোর জালিয়াতি বন্ধে ‘ওয়ার অন ফ্রড’ অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানান, নতুন এ অভিযানটি ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন স্টেইটগুলোর দূর্নীতি, জালিয়াতি বন্ধ, অবৈধভাবে বসবাসরত অভিবাসী অপসারণ ও জালিয়াতির সঙ্গে যুক্ত অপরাধীদের শাস্তি প্রদান করবে।

আর শিগগিরই শুরু হতে চলা অভিযানটির নেতৃত্ব দিবেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স।

সিবিএস নিউজ জানায়, ক্যাপিটল ভবনের হাউস অব চেম্বারে আয়োজিত অধিবেশনে ভাষণ দেওয়াকালীন এ কথা জানান ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে ওয়ার অন ফ্রডের ঘোষণা দিচ্ছি।

‘যদি আমরা জালিয়াতির যথেষ্ট প্রমাণ পাই তাহলে রাতারাতি আমাদের বাজেট পূর্ণ হয়ে যাবে।’

সেই সঙ্গে কংগ্রেসে উপস্থিত থাকা ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতাদের উদ্দেশ্য করে ট্রাম্প অভিযোগ করেন, ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, মেইনসহ ডেমোক্র্যাট নেতৃত্বাধীন স্টেইটগুলোতেই জালিয়াতির অবস্থা সবচেয়ে ভয়াবহ।

একই সঙ্গে অভিযানটির মধ্য দিয়ে অনথিভুক্ত, জালিয়াতির মাধ্যমে বসবাসরত অভিবাসীদেরও অপসারণ করা হবে বলে জানান ট্রাম্প।

সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টের এ বক্তব্যের প্রতিবাদ জানান উদারপন্থী ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।

ওই সময় মিনেসোটা স্টেইটের মিনিয়াপোলিসে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস কর্তৃক নিহত দুই অ্যামেরিকান অ্যালেক্স প্রেটি ও রেনি গুডের ছবিযুক্ত প্ল্যাকার্ড তুলে ধরেন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা নরমা টোরেস।

ভুক্তভোগী ওই দুজন অ্যামেরিকা ট্রাম্প নির্দেশিত মেট্রো সার্জ নামের অভিবাসন বিরোধী অভিযান চলাকালে নিহত হয়েছিলেন।

ডেমোক্র্যাটদের প্রতিবাদে ভ্রুক্ষেপহীন ট্রাম্প দাবি করেন, মিনেসোটায় বসবাসরত সোমালি অভিবাসীরা অ্যামেরিকান করদাতাদের অর্থ জালিয়াতি করছে।

তখন অধিবেশনে থাকা মিনেসোটার ডেমোক্র্যাট প্রতিনিধি ও সোমালি বংশদ্ভূত ইলহান ওমার বলে ওঠেন, ‘এটা মিথ্যা, আপনি মিথ্যাবাদী।’

তবে ওমারকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, ‘মিনেসোটাকে লুটপাট করা সোমালি জলদস্যুরা আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর বহু অঞ্চলে ঘুষ, দুর্নীতি ও আইনহীনতা নিয়ম, ব্যতিক্রম নয়।

‘অবাধ অভিবাসন ও খোলা সীমান্তের মাধ্যমে এই সংস্কৃতিগুলো আমদানি করলে সেই সমস্যাগুলো এখানেই, অ্যামেরিকায় চলে আসে।’

নতুন অভিযানটির মাধ্যমে সোমালি অভিবাসীদের দমন করার বিষয়েও হুমকি দেন ট্রাম্প।