নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী ও ভোটারদের মধ্যে এ মুহূর্তে আলোচনায় চিপসকাণ্ড। এর সূত্রপাত নগরপিতা এরিক অ্যাডামসের সাবেক এক উপদেষ্টার হাত ধরে।
চিপসের প্যাকেটে ভরে এক রিপোর্টারকে নগদ অর্থ দিয়েছিলেন মেয়রের সাবেক এক উপদেষ্টা। আর তাতেই কোর্টে বল পেয়ে যান এরিক অ্যাডামসের প্রতিদ্বন্দ্বীরা।
এ নিয়ে অভিনব উপায়ে অ্যাডামসের সহযোগীকে খোঁচা দিয়েছেন অ্যান্ড্রু ক্রুওমো ও জোরান মামদানি।
ডেমোক্র্যাটিক পার্টি মনোনীত মেয়র প্রার্থী মামদানি শনিবার এক ভিডিওতে প্রতিদ্বন্দ্বীর সহযোগীকে নিয়ে মশকরা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মামদানির পোস্ট করা ভিডিওতের শুরুতে দেখা যায়, সড়কে ছড়িয়ে-ছিটিয়ে আছে পটেটো চিপস। একটু পরই চিপসের প্যাকেট হাতে দেখা যায় নগরপিতা হওয়ার দৌড়ে থাকা তরুণ এ সোশ্যাল ডেমোক্র্যাটকে।
ভিডিওতে মামদানিকে বলতে শোনা যায়, তিনি স্ক্যাভেঞ্জার হান্টের আয়োজন করবেন, যার আওতা হবে পুরো নিউ ইয়র্ক সিটি। ওই সময় পটেটো চিপসে কামড় দিয়ে মেয়র অ্যাডামসের সাবেক উপদেষ্টাকে নিয়ে খোঁচা দিতে দেখা যায় তাকে।
মজা করে তৈরি ভিডিওতে রবিবার বিকেলে স্ক্যাভেঞ্জার হান্ট আয়োজনের কথা বলেন মামদানি। তাকে দৃশ্যত অ্যাডামসের দীর্ঘদিনের উপদেষ্টা উইনি গ্রেকোকে নিয়ে মজা করতে দেখা যায়।
গত বুধবার স্থানীয় সংবাদমাধ্যম দ্য সিটির রিপোর্টারকে নগদ অর্থভর্তি চিপসের প্যাকেট দিয়ে সমালোচনায় পড়েন উইনি। ঘটনাটি মেয়র অ্যাডামস জানতেন না দাবি করে উইনিকে অব্যাহতি দেওয়া হয়েছে মেয়রের নির্বাচনি ক্যাম্পেইন থেকে।
উইনির পক্ষ থেকে ঘটনাটিকে সরল মনে করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
মেয়রের প্রতিক্রিয়া
প্রতিদ্বন্দ্বী মামদানির চিপস চিবানোর বিষয়টি ভালোভাবে নেননি মেয়র এরিক অ্যাডামস।
এক্সে এক পোস্টে মেয়র লিখেন, মামদানি দৃশ্যত নিউ ইয়র্ক সিটিতে স্ক্যাভেঞ্জার হান্ট করছেন।
পোস্টে নগরবাসীর উদ্দেশে অ্যাডামস বলেন, এমন প্রতারণাপূর্ণ আচরণের পরিকল্পনাই নগরবাসীর নিরাপত্তা, আবাসন ও কর নিয়ে করছেন মামদানি। এসব বিষয় তার কাছে মামুলি ব্যাপার।
মামদানির আগে শুক্রবার চিপসকাণ্ড নিয়ে উইনিকে খোঁচা দেন অ্যান্ড্রু কুওমো। তিনি এক সংবাদ সম্মেলনের সময় সব রিপোর্টারের চেয়ারে একটি করে চিপসের প্যাকেট রাখেন।
কুওমো হেসে বলেন, ‘হতবাক হবেন না। আমি ভেবেছিলাম, আপনারা হয়তো ক্ষুধার্ত। কখনও কখনও এক প্যাকেট পটেটো চিপস শুধুই পটেটো চিপসের প্যাকেট।’