ইহুদিদের ধর্মীয় উৎসব পুরিম উপলক্ষে নিউইয়র্ক সিটি জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আইউইটনেস নিউজ জানায়, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনপ্রিয় জনসমাগমস্থলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিটির ইসরায়েলি কনস্যুলেট এবং টাইমস স্কয়ার এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
সূত্র জানায়, অ্যামেরিকা ও ইসরায়েলের সাম্প্রতিক ইরান হামলার পরপর উৎসবটি হতে চলায় এ উদ্যোগ।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল জানান, এ সময় নিউ ইয়র্ক সিটিতে ইরান সমর্থিত গোষ্ঠী স্লিপার সেল সক্রিয় হয়ে উঠতে পারে। পাশাপাশি সাইবার হামলার ঝুঁকি আছে।
তাই গোয়েন্দা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েনের প্রস্তুতিও আছে।
নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির সন্ত্রাসবিরোধী শাখার ডেপুটি কমিশনার রেবেকা উইনার বলেন, ‘দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় সংস্থার মধ্যে ব্যাপক সমন্বয় অব্যাহত রয়েছে।
‘এর লক্ষ্য সম্ভাব্য ‘লোন উলফ’ হামলা তথা পরিকল্পিত আক্রমণ প্রতিরোধ করা।’
তবে কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত নিউ ইয়র্ক সিটিতে কোনো হুমকি দেওয়া হয়নি।
তবে সিটির বাসিন্দাদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।