এআই ও চিপ প্রস্ততকারী শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং নামের এক চীনা গুপ্তচরের সম্পর্কের অভিযোগ ঘিরে তুমুল বিতর্ক ও নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গত রোববার এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায়, নিজের পরকীয় সম্পর্কের কথা স্বীকার করেন হুয়াং। তবে তিনি নিজেও গুপ্তচরবৃত্তির সঙ্গে যুক্ত কি না, এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এদিকে হুয়াং-এর স্বীকারোক্তির পরপর ‘প্রধান নির্বাহী বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্য হতে পারেন’-জানিয়ে ঘটনাটি খতিয়ে দেখছে এনভিডিয়া।
একইসঙ্গে, চীনা গুপ্তচরের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের ঘটনা খতিয়ে দেখছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই।
এ ঘটনায় বিশ্লেষকরা বলছেন, হুয়াংয়ের এ ঘটনা শুধু ব্যক্তিগত সংকট নয়, বরং প্রভাব ফেলতে পারে পুরো বিশ্বের এআই শিল্পখাতে।
এ প্রসঙ্গে বার্নস্টেইনের বিশ্লেষক স্টেসি রাসগন বলেন, ‘এনভিডিয়া সাধারণ কোনো প্রতিষ্ঠান নয়, জেনসেনও সাধারণ কোনো সিইও নন। তিনিই কার্যত এনভিডিয়া।
‘প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি কৌশল ও দিকনির্দেশনা তিনি নির্ধারণ করেন এবং অধিকাংশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তারই নিয়ন্ত্রণ রয়েছে।’
যেভাবে প্রভাব ফেলবে
এআই শিল্পের সমর্থনের জন্য গুরুত্বপূর্ণ
এআই শিল্পের দ্রুত বিকাশের পাশাপাশি শুরু থেকেই বিতর্ক চলছে প্রযুক্তিটি মানব সভ্যতার জন্য বিপর্যয় ডেকে আনবে কি না। এমন বিতর্কের বিরুদ্ধে বরাবরই জোরালো অবস্থান জানিয়েছেন হুয়াং।
এআই গবেষণা প্রতিষ্ঠান একাধিকবার যখন এআই শিল্পের অগ্রগতি নিয়ে সতর্কবার্তা জানিয়েছে, তখন এ শিল্পের গুরুত্ব তুলে ধরেছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে হুয়াংয়ের নেতৃত্ব ও অবস্থানের বিপর্যয় ঘটলে এআই শিল্প তার গুরুত্বপূর্ণ সমর্থক হারাবে।
চিপ বণ্টনে গুরুত্বপূর্ণ ব্যক্তি
এআই শিল্পের প্রসার কত দ্রুত হবে তা অনেকাংশেই নির্ভর করে চিপ সরবরাহ ও বণ্টন ব্যবস্থার ওপর। অন্যদিকে এসব চিপের সরবরাহে গুরুত্বপূর্ণ অবস্থানে আছে এনভিডিয়া ও হুয়াং।
ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন , স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মতো ধনকুবের ব্যক্তিদেরও চিপ, জিপিইউ সরবরাহ নিয়ন্ত্রণ করেন হুয়াং। ফলে হুয়াংয়ের বিপর্যয়ের সঙ্গে সঙ্গে চিপ সরবরাহ প্রক্রিয়ারও বড় বিপর্যয় ঘটতে পারে।
এনভিডিয়ায় শক্তিশালী নিয়ন্ত্রণ, নেই উত্তরসূরি
১৯৯৩ সালে চিপ ডিজাইন প্রতিষ্ঠান হিসেবে এনভিডিয়ার সূচনালগ্ন থেকে নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করছেন হুয়াং।
বিশ্লেষকদের মতে, করপোরেট কাঠামোর বাইরে গিয়ে হুয়াং এনভিডিয়া পরিচালনা করেন সরল ব্যবস্থায়। তবে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ বিষয়ে তার নিয়ন্ত্রণ বেশ দৃঢ়। উপরন্তু এখন পর্যন্ত প্রধান নির্বাহী পদে দ্বিতীয় কোনো উত্তরসূরিকে সামনে আনেনি এনভিডিয়া।
বিনিয়োগ বিশ্লেষক ড্যান আইভসের মতে, এনভিডিয়ার বর্তমান ব্যবস্থাপনা দলে হুয়াংয়ের বিকল্প হিসেবে দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। ফলে সংকটজনক পরিস্থিতির সমাধান না হলে, ব্যবস্থাপনা নিয়ে বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে এনভিডিয়া।