ইরান যুদ্ধের প্রতিশোধে ইউরোপজুড়ে অন্তত ১৮টি সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগে এক ইরাকি নাগরিকের বিরুদ্ধে মামলা করেছে অ্যামেরিকা।
আইউইটনেস নিউজ জানায়, অভিযুক্ত ওই ইরাকি হলেন মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি। তার বিরুদ্ধে অ্যামেরিকায় ইহুদি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে হামলার সমন্বয়, ব্রিটেনের রাজধানী লন্ডনে ইহুদি-অ্যামেরিকান নাগরিককে ছুরিকাঘাত, ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাংক অব অ্যামেরিকার ভবনের আগুন লাগানোর চেষ্টাসহ প্রায় ১৮টি অভিযোগ আছে।
ফেডারেল অভিযোগে বলা হয়েছে, ইরান যুদ্ধের প্রতিশোধ ও সংঘাত বন্ধের চেষ্টায় আল-সাদি এসব কর্মকাণ্ড চালিয়েছেন।
ফেডারেল প্রসিকিউটরদের ভাষ্য, আল-সাদি কাতায়েব হিজবুল্লাহ নামের একটি ইরান-সমর্থিত আধাসামরিক গোষ্ঠীর উচ্চপর্যায়ের সদস্য। তার সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং হিজবুল্লাহর যোগাযোগ রয়েছে।
ফেডারেল আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, অ্যামেরিকা ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর আল-সাদি অন্যদের অ্যামেরিকা ও ইসরায়েলি স্বার্থে হামলা চালাতে উৎসাহ দেন। এমনকি আমেরিকান ও ইহুদিদের হত্যা করতেও নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, আল-সাদি ও তার সহযোগীরা ‘হারাকাত আশাব আল-ইয়ামিন আল-ইসলামিয়া’ নাম ব্যবহার করে ইউরোপে অন্তত ১৮টি এবং কানাডায় আরও দুটি হামলার পরিকল্পনা ও সমন্বয় করেছেন। সংগঠনটিকে কাতায়েব হিজবুল্লাহর একটি অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে।
নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের ফেডারেল আদালতে শুক্রবার আল-সাদির শুনানির কথা রয়েছে।