ব্রাজিলে ক্যু চক্রান্ত: ২৭ বছরের সাজা খাটা শুরু বলসোনারোর
- 0


প্রকাশিত: নভেম্বর ২৫ ২০২৫, ২১:৩৬

গত নির্বাচনে হারার পর ক্যু চক্রান্তের ঘটনায় ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারোকে ২৭ বছর তিন মাস সাজা খাটা শুরুর নির্দেশ দিয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট।
বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরায়েস মঙ্গলবার তার আদেশে জানান, মামলার চূড়ান্ত রায় হয়ে গেছে এবং এ বিষয়ে আর কোনো আপিল সম্ভব নয়।
বিবিসি নিউজ জানায়, বামপন্থি প্রতিদ্বন্দ্বী লুই ইনাসিও লুলা দা সিলভার কাছে ২০২২ সালের নির্বাচনে হারার পর নিজেকে ক্ষমতায় রাখার চক্রান্তে নেতৃত্ব দেওয়ায় অভিযুক্ত হন ৭০ বছর বয়সী বলসোনারো।
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশ জেলে তার সাজা খাটা শুরু হচ্ছে, যেখানে শনিবার থেকে তাকে আটক রাখা হয়েছে। ফ্লাইট ঝুঁকিপূর্ণ ও গৃহবন্দি অবস্থা প্রত্যাহারের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
আটকের পরের দিন রবিবার আদালতে শুনানিতে বলসোনারো স্বীকার করেন, সজ্ঞানে ফেরার আগে সোলজারিং আয়রন কিট দিয়ে পায়ের গোড়ালিতে লাগানো মনিটর খোলার চেষ্টা করেন তিনি।
চাঞ্চল্যকর এ তথ্য পাওয়া গেছে আদালতের নথিতে।
বলসোনারোর ভাষ্য, আটক অবস্থা থেকে পালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না তার। মনিটরের যে ক্ষতি তিনি করেছেন, তার জন্য দায়ী ওষুধের প্রভাবজনিত ‘ভিত্তিহীন ভয়’।
বিচারপতি মোরায়েস মঙ্গলবার বলসোনারোকে পূর্ণকালীন স্বাস্থ্যসেবা দেওয়ার নির্দেশ দেন। ইতোপূর্বে বলসোনারোর স্বাস্থ্যের অবনতির কথা জানিয়েছিল তার মেডিক্যাল টিম।
ক্যু চক্রান্তের অভিযোগে চলতি বছরের সেপ্টেম্বরে বলসোনারোর দোষ পায় আদালত।
সে সময় সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানান, প্রেসিডেন্ট প্রার্থী লুলা ও ভাইস প্রেসিডেন্ট পদে তার রানিংমেট জেরাল্ডো আলকমিনকে গুপ্তহত্যার পরিকল্পনার বিষয়ে জানতেন বলসোনারো।
