থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন আনুতিন চার্নভিরাকুল

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫ ২০২৫, ৯:৫৭ হালনাগাদ: মার্চ ৭ ২০২৬, ২১:৪৪

৫৮ বছর বয়সী নেতা আনুতিন চার্নভিরাকুল। ছবি: চায়না ডেইলি

৫৮ বছর বয়সী নেতা আনুতিন চার্নভিরাকুল। ছবি: চায়না ডেইলি

  • 0

প্রধান বিরোধীদলের স্পষ্ট সমর্থনের ফলে আনুতিন সহজেই নিম্নকক্ষের অর্ধেকের বেশি সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন।

দুই বছরের মধ্যে তৃতীয়বারের মতো নতুন প্রধানমন্ত্রী পেল থাইল্যান্ড। শুক্রবার পার্লামেন্টে বিপুল ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ভূমজাইথাই পার্টির ৫৮ বছর বয়সী নেতা আনুতিন চার্নভিরাকুল।

থাইল্যান্ডের একসময়ের প্রভাবশালী শাসক দল সিনাওয়াত্রা পরিবারের প্রার্থীকে পরাজিত করে সংসদীয় ভোটে জয়লাভ করেন অনুতিন। এর মধ্য দিয়ে দেশটিতে চলমান বিশৃঙ্খলা ও রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, অনুতিন ৩১১ ভোট পেয়ে জয়ী হন। যেখানে তার প্রতিদ্বন্দ্বী চাইকাসেম ১৫২ ভোট পান। দুইজন আইনপ্রণেতা ভোট দেননি এবং ২৭ জন ভোটদানে বিরত থাকেন।

থাইল্যান্ডের পার্লামেন্টের নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী হতে হলে একজন প্রার্থীর ২৪৭টি ভোটের প্রয়োজন, যা নিম্নকক্ষের অর্ধেকেরও বেশি সদস্যের সমর্থন।

প্রধান বিরোধীদলের স্পষ্ট সমর্থনের ফলে আনুতিন সহজেই নিম্নকক্ষের অর্ধেকের বেশি সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন।

৫৮ বছর বয়সী আনুতিন রাজনীতিতে একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব। তিনি আগে নিজের পরিবারের নির্মাণ ব্যবসা পরিচালনা করতেন। এছাড়া তিনি দেশটির সাবেক উপ-প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এবং কোভিড-১৯ এর সময় তৎপরতা তদারকির দায়িত্বেও নিযুক্ত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর আনুতিনের সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। তিনি একটি কম সংখ্যাগরিষ্ঠ সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন যেখানে তার সরকারের নিম্নকক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা নেই, তাই বড় সিদ্ধান্ত নিতে হলে অন্য দল বা সদস্যদের সমর্থন প্রয়োজন হবে।

পাশাপাশি থাইল্যান্ডের দুর্বল অর্থনীতি, অধিক ঋনের বোঝা ও মানুষের জীবন যাত্রার বাড়তি ব্যয়ের মতো সমস্যা সমাধানে আনুতিনকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে।