Skip to main content

ক্যালিফোর্নিয়া বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১৬ ২০২৬, ১৫:২৬ হালনাগাদ: জুন ১৬ ২০২৬, ১৬:১৫

বিমান বিধ্বস্তের পর আকাশে সৃষ্ট ঘন কালো ধোঁয়া। ছবি: রয়টার্স

বিমান বিধ্বস্তের পর আকাশে সৃষ্ট ঘন কালো ধোঁয়া। ছবি: রয়টার্স

  • 0

বিমান বাহিনীর ফোর হানড্রেড টুয়েলভথ টেস্ট উইংয়ের কর্নেল জেমস হায়েস এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনার চিত্র পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে বিমানে থাকা কারও বেঁচে থাকার সুযোগ ছিল না। নিহতদের মধ্যে সামরিক সদস্য, বেসামরিক কর্মী এবং সরকারি ঠিকাদার ছিলেন।

ক্যালিফোর্নিয়ায় বিমান বাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানে থাকা ৮জনই নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম এপি নিউজ জানায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে লস অ্যাঞ্জেলেস থেকে ৬০ মাইল (৯৫ কিলোমিটার) উত্তরে অবস্থিত এয়ারফোর্সের এডওয়ার্ডাস বিমানঘাঁটি থেকে পরীক্ষামূলক মিশনের অংশ হিসেবে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা আকাশপথের ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর বিমানটির ধ্বংসাবশেষ প্রায় সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায় এবং ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উড়তে থাকে।

বিমান বাহিনীর ফোর হানড্রেড টুয়েলভথ টেস্ট উইংয়ের কর্নেল জেমস হায়েস এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনার চিত্র পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে বিমানে থাকা কারও বেঁচে থাকার কোন সুযোগ ছিল না।

নিহতদের মধ্যে সামরিক সদস্য, বেসামরিক কর্মী এবং সরকারি ঠিকাদার ছিলেন। বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং জানিয়েছে, তাদের দুইজন কর্মীও ওই বিমানে ছিলেন।

তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। অ্যামেরিকান বিমান বাহিনী বলছে, পূর্ণাঙ্গ তদন্ত শেষ হতে কয়েক মাস সময় লাগতে পারে। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি একটি রাডার আধুনিকীকরণ কর্মসূচির অংশ হিসেবে পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করছিল।

বিমান চলাচল নিরাপত্তা বিশেষজ্ঞ জেফ গুজেটি জানান, বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হওয়ায় এটি নিয়ন্ত্রণব্যবস্থা বা ইঞ্জিন-সংক্রান্ত কোনো গুরুতর ত্রুটির ইঙ্গিত দিতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

ঘটনার পর বিমানঘাঁটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং জরুরি উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবারের সদস্যদের অবহিত করার প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের নাম প্রকাশ করা হবে।