জার্মানির ফ্রাঙ্কফ্রুট থেকে ভারতের নয়াদিল্লিগামী একটি ফ্লাইটে সন্ত্রাসী ও বোমা হামলার হুমকির পর বিমানটি জরুরি অবতরণ করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, আজ বুধবার সকালে এয়ার ইন্ডিয়ার এআই-২০৩০ ফ্লাইটটি ভারতের মুম্বাইয়ে অবস্থানকালে হুমকির সম্মুখীন হয়। পরে দিল্লি থেকে ২৮০ কিলোমিটার দূরে জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, যাত্রারত অবস্থায় বিমানটির পাইলট মুম্বাই ফ্লাইট ইনফরমেশন রিজনে (এফআইআর) স্কোয়াক কোড ৭৫০০ সংকেত পাঠায়। আন্তর্জতিকভাবে সংকেতটি বিমানে বেআইনি হস্তক্ষেপ ও সন্ত্রাসী হামলা সংক্রান্ত ঘটনা থাকলে ব্যবহার করা হয়।
সংকেত পাঠানোর পর বিমানটির পথ ঘুরিয়ে দ্রুত জয়পুর বিমানবন্দরের সংরক্ষিত পার্কিং এলাকায় অবতরণ করা হয়।
জয়পুরের মালভিয়া নগর শহরের সহকারী পুলিশ কমিশনার শিব দয়াল বিমানটির অবতরণ ও হুমকির তথ্য নিশ্চিত করেছেন।
দয়াল এক বিবৃতিতে জানান, বিমান অবতরণেই আগেই বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবগত করে। ফলে অবতরণের সঙ্গে সঙ্গে পুলিশ ও বিমানবন্দরের নিরাপত্তাকর্মী যৌথভাবে বিমানটি পরীক্ষা করে।
একইসঙ্গে মালপত্রসহ বিমানে থাকা যাত্রীদের তল্লাশি চালানো হয়।পরে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে টার্মিনেল-২ এ নামিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় এক বিবৃতিতে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। একইসঙ্গে জানমালের ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে তারা।