


প্রকাশিত: সেপ্টেম্বর ৮ ২০২৫, ২৩:০১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: বাসস
বাংলাদেশে আগামী বছর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে দেশ গড়ায় ভূমিকা রাখতে অস্ট্রেলিয়ার আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিডনির লাকেম্বার লাইব্রেরি হলে রবিবার আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অস্ট্রলিয়া বিএনপির সভাপতি এএফম তাওহীদুল ইসালামের সভাপতিত্ব এবং প্রকৌশলী মশিউর রহমান মুন্না, শফিউল আলম শিফক এবং আবিদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্বাচন পরবর্তী বাংলাদেশ গড়ার কাজে অস্ট্রেলিয়ার সিনেটর ও এমপিদের সহযোগিতা চান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক।
অনুষ্ঠানের শুরুতেই দোয়া পরিচালনা করেন অস্ট্রেলিয়া বিএনপির কোষাধ্যক্ষ মনজুরুল হক আলমগীর। স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক সেলিম লকিয়ত।
প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অস্ট্রেলিয়ায় অবস্থানরত বিএনপির সর্বস্তরের কর্মী এবং নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাই। অভিনন্দন আপনাদের। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।
‘বলতে দ্বিধা নেই, বিগত আন্দোলন-সংগ্রামে অনেক কষ্ট করেছেন আপনারা। অস্ট্রেলিয়ার সিনেটর ও এমপিরা বাংলাদেশের সামগ্রিক বিষয়ে বেশ সক্রিয় ভূমিকা রেখেছেন। আপনাদের কর্মের সেই রেজাল্ট আমরা পেয়েছি। এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন।’
জাতীয় নির্বাচনের পর দেশ গঠনে ভূমিকা রাখতে অস্ট্রেলিয়ার আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়ে খসরু বলেন, ‘আগামী দিনে নির্বাচন যাতে সঠিক সময়ে এবং সঠিকভাবে হয়। নির্বাচনে জিতে বিএনপি ক্ষমতায় আসলে অস্ট্রেলিয়ার সিনেটর ও এমপিদের সহযোগিতা অনেক বেশি প্রয়োজন হবে আমাদের জন্য। আপনাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘শহীদ জিয়ার গঠিত দল, আপনারা তার আদর্শে বিশ্বাসী। আপনারা কষ্ট করে বিদেশে বিভিন্নভাবে দলের কর্মকাণ্ডে যোগ দিচ্ছেন।
‘আন্দোলন-সংগ্রামে অবদান রেখেছেন। তা অব্যাহত রাখতে হবে।’
বিশেষ অতিথি বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের সতর্কতার সঙ্গে চোখ-কান খোলা রাখতে হবে। কারণ একটি চক্র বাংলাদেশে যেন নির্বাচন না হয়, সে জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
‘এই ষড়যন্ত্রের যেন দাঁতভাঙা জবাব দিতে হয়, এখন থেকে আমাদের কাজ করে যেতে হবে।’
বিএনপির এ নেতা আরও বলেন, ‘আমরা আশা করছি, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে। সেই নির্বাচন যাতে কোনোক্রমেই ব্যাহত না হয়।
‘নির্বাচনে যারা বাধা দেওয়ার চেষ্টা করবে, তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। জিয়াউর রহমানের প্রত্যেক সৈনিক সে জন্য প্রস্তুত আছে, থাকবে।’
৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অস্ট্রেলিয়া বিএনপি শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। ৪০ জন শিশু এ প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) অস্ট্রেলিয়া মহাদেশ শাখার নব অনুমোদিত কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম শিবলি ও সদস্য সচিব বাদশা বুলবুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর সার্বিক তত্ত্বাবধান করেন অস্ট্রেলিয়া বিএনপি সংস্কৃতিবিষয়ক সম্পাদক নামিদ ফারহান।
এএফএম তাওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সহসভাপতি শাহ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন শহীন, যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সবুজ, যুব দলের জাহাঙ্গীর আলম ও ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের মশিউর রহমান তুহিন ও জাহিদুর রহমান।
এ ছাড়া নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ কোষাধ্যক্ষ খাজা দাউদ হোসেন, ইঞ্জিনিয়র সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার রেজনুর রহমান রুপন, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান লাবু, জুম্মন হোসেন, মোকসেদ আলম দীপু, মোহাম্মদ মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, মোহাম্মদ শাহেদ, হান্নান রানা, মফিজুল ইসলাম সাগর, আবদুল আলীম, খাদিজা জামান রুপম, হাসনা হেনা, আজিজুন নাহার মালা, মুরাদ হোসেন, মোহাম্মদ আলী, ওয়ারিস মাহমুদ, আহসান হাবিব, আবু বকর সিদ্দিক, শাহীনূর রহমান, আবুল হোসেন, হারুনর রশিদ, মোহাম্মদ নূরুর হক, ফখরুল হক মুন্না, মোবারক হোসেন, শফিকুল ইসলাম ও আসলাম খানসহ অনেকে।
