Skip to main content

‘ভিসা বন্ড’ নিয়ে ঢাকায় অবস্থিত ইউএস এম্বাসির বার্তা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭ ২০২৬, ১৭:২৪ হালনাগাদ: জুন ১৭ ২০২৬, ১৭:৩৩

‘ভিসা বন্ড’ নিয়ে ঢাকায় অবস্থিত ইউএস এম্বাসির বার্তা
  • 0

অ্যামেরিকায় নতুন চালু হওয়া ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রাম নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত ইউএস এম্বাসি। এই প্রোগ্রাম মূলত ভিসা শর্ত ভঙ্গ করে অ্যামেরিকায় থেকে যাওয়া বা ‘ওভারস্টে’ করাকে নিরুৎসাহিতের লক্ষ্যেই চালু করা হয়েছে।

নিজেদের ভেরিফাইড ফেসবুকে প্রকাশ করা এক পোস্টে এই প্রোগ্রাম কীভাবে কাজ করবে তার বিস্তারিত তুলে ধরা হয়—

প্রথমত, ভিসা ইন্টারভিউয়ের পর কোনো আবেদনকারী যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা তাকে একটি বিশেষ নির্দেশনা দেবেন। সেই নির্দেশনায় থাকবে pay.gov–এর সরাসরি লিংক, যার মাধ্যমে নির্ধারিত ভিসা বন্ড বা জামানতের অর্থ পরিশোধ করতে হবে।

দ্বিতীয়ত, ভিসা অনুমোদনের পর ৩০ দিনের মধ্যে এই বন্ড পরিশোধ বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হবে না।

এই প্রোগ্রামের আওতায় দেওয়া ভিসা হবে সর্বোচ্চ ৩ মাস মেয়াদি এবং সিঙ্গেল-এন্ট্রি। অর্থাৎ, এই ভিসা ব্যবহার করে অ্যামেরিকায় শুধুমাত্র একবার প্রবেশ করা যাবে।

ভ্রমণকারীদেরকে অবশ্যই নির্ধারিত কিছু পোর্ট অব এন্ট্রি দিয়ে অ্যামেরিকায় প্রবেশ করতে হবে, যা আগেই নির্দিষ্ট করে দেওয়া থাকবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—ভিসার শর্ত মেনে নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে এলে এবং অ্যামেরিকায় অবস্থানকালে কোনো কাজ না করলে, জমা দেওয়া বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। এরপর সেই অর্থ আবেদনকারীকে ফেরত দিয়ে দেওয়া হবে।

এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে অ্যামেরিকা নিশ্চিত করতে চায়, ভিসা নিয়ে কেউ যেন অনুমোদিত সময়ের বেশি অবস্থান না করে।