দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে ব্রিটিশ অনুমোদিত তেল উত্তোলন কার্যক্রম বন্ধে আর্জেন্টিনার আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক সমুদ্র আইনবিষয়ক ট্রাইব্যুনাল। শনিবার (২৮ নভেম্বর) জার্মানির হামবুর্গে অবস্থিত ট্রাইব্যুনাল ১৮-৩ ভোটে এ সিদ্ধান্ত দেয়। এর ফলে দ্বীপপুঞ্জের কাছে তেল অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম বন্ধের প্রচেষ্টায় বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। খবর রয়টার্সের।
আর্জেন্টিনা গত ১৩ অক্টোবর ট্রাইব্যুনালের কাছে আবেদন করে। দেশটি ‘সি লায়ন’ তেল প্রকল্পের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার পাশাপাশি বিরোধপূর্ণ সামুদ্রিক এলাকায় নতুন করে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের অনুমোদন দেওয়া বন্ধ রাখার নির্দেশ চেয়েছিল। আর্জেন্টিনার দাবি, দ্বীপপুঞ্জের সার্বভৌমত্বের বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে তেল উত্তোলন করা উচিত নয়।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ব্রিটেনের নিয়ন্ত্রণে থাকলেও আর্জেন্টিনা অঞ্চলটিকে ‘মালভিনাস’ নামে উল্লেখ করে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। ১৯৮২ সালে এ দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছিল।
ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মরিস কামগা জানান, এ সিদ্ধান্তের মাধ্যমে মূল বিরোধের বিষয়ে ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। অর্থাৎ দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব কার, সে বিষয়ে এই রায় কোনো সিদ্ধান্ত নয়।
ব্রিটেনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে জানানো হয়েছিল, ২০২৭ সালের মার্চের আগে সেখানে তেল উত্তোলনের জন্য খননকাজ শুরু হবে না। আর তেল উৎপাদন শুরু হওয়ার সম্ভাব্য সময় ২০২৮ সালের মার্চ। ব্রিটেনের যুক্তি ছিল, আর্জেন্টিনার আবেদন মঞ্জুর হলে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বাসিন্দারা নিজেদের প্রাকৃতিক সম্পদ উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হবেন এবং অঞ্চলটির অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়বে।
রায়কে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড ও অ্যাটর্নি জেনারেল এলি রিভস। যৌথ বিবৃতিতে তাঁরা আর্জেন্টিনাকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বাসিন্দাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে সম্মান করার আহ্বান জানান। একই সঙ্গে অঞ্চলটির ওপর বৃহত্তর অর্থনৈতিক চাপ বন্ধেরও দাবি জানান তাঁরা।
এ বিষয়ে আর্জেন্টিনার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সরকার দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার সার্বভৌমত্বের দাবি জোরালো করার উদ্যোগ নেওয়ার মধ্যেই এ রায় এলো। সাম্প্রতিক মাসগুলোতে দ্বীপপুঞ্জের আশপাশে তেল অনুসন্ধানে যুক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বুয়েনস এইরেস। এতে দুই দেশের মধ্যে উত্তেজনাও বেড়েছে।
‘সি লায়ন’ প্রকল্পটি ব্রিটিশ প্রতিষ্ঠান রকহপার এক্সপ্লোরেশন ও ইসরায়েলি প্রতিষ্ঠান নাভিটাস পেট্রোলিয়ামের যৌথ উদ্যোগ। প্রকল্পটির আওতায় ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উত্তরে তেল উত্তোলনের পরিকল্পনা রয়েছে। তবে ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তের ফলে প্রকল্পটি বন্ধে আর্জেন্টিনার তাৎক্ষণিক আইনি প্রচেষ্টা ব্যর্থ হলো।