জন্মদিনের অনুষ্ঠান পরিণত রক্তাক্ত ট্র্যাজেডিতে, বন্দুকধারীর গুলিতে নিহত ৪

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩০ ২০২৫, ৬:১৯ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ৫:৩৬

সন্ধ্যা ৬টার কিছু আগে এ ঘটনা ঘটে। ছবি: গ্রোক এআই

সন্ধ্যা ৬টার কিছু আগে এ ঘটনা ঘটে। ছবি: গ্রোক এআই

  • 0

প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি পরিকল্পিত হামলা হতে পারে বলে জানায় কর্তৃপক্ষ। তবে এখনো কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা যায়নি বা কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

ক্যালিফোর্নিয়ার স্টকটনে শনিবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার একটি শিশুর জন্মদিনের পার্টিতে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

সান জোয়াকিন কাউন্টি শেরিফের অফিস জানায়, স্টকটনের লুসিল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকের একটি স্ট্রিপ মলের শপিং সেন্টারের ভেতরে সন্ধ্যা ৬টার দিকে গুলি চালানোর ঘটনা ঘটে।

স্টকটনের ভাইস মেয়র জেসন লি ফেসবুকে পোস্ট করে জানান, একটি শিশুর জন্মদিনের পার্টির সময় গুলি চালানোর ঘটনাটি ঘটেছে।

ডেপুটিরা জানান, এ ঘটনায় প্রায় ১৪ জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন এবং চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

শেরিফ অফিসের ইনফরমেশন অফিসার হিদার ব্রেন্ট সাংবাদিকদের জানান, পারিবারিক জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ওই ব্যাঙ্কোয়েট হলে লোকজন উপস্থিত ছিলেন। এসময় গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। তিনি এই গুলিবর্ষণের ঘটনাকে ‘অকল্পনীয়’ হিসেবে অভিহিত করেছেন।

ব্রেন্ট আরও জানান, গুলিবর্ষণে নিহতরা কিশোর থেকে প্রাপ্তবয়স্ক বিভিন্ন বয়সের।

আহতদের অবস্থা সম্পর্কে এখনও কোন তথ্য জানা যায়নি। তবে শেরিফের অফিস আগে জানায়, বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি পরিকল্পিত হামলা হতে পারে বলে জানায় কর্তৃপক্ষ। তবে এখনো কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা যায়নি বা কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

ব্রেন্ট বলেন, ‘এ মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো এই ঘটনার সন্দেহভাজনকে খুঁজে বের করা।’

তিনি আরও বলেন, ‘শিশুসহ অনেকেই এই হামলায় আহত হয়েছেন যা কল্পনাতীতভাবে বেদনাদায়ক। ভুক্তভোগী, তাদের পরিবার এবং আমাদের পুরো কমিউনিটির প্রতি আমাদের সমবেদনা রয়েছে।’

ঘটনার তদন্তে সহায়তা করতে কাজ করছেন এফবিআই এবং অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ দপ্তরের কর্মকর্তারাও।

মধ্য ক্যালিফোর্নিয়ার একটি শহর স্টকটনে প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ বসবাস করে। শহরটি স্যাক্রামেন্টো থেকে প্রায় ৪৫ মাইল দক্ষিণে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের অফিস জানিয়েছে, গভর্নর ঘটনাটি সম্পর্কে অবহিত আছেন এবং এই হামলাকে ‘ভয়াবহ গুলিবর্ষণ’ হিসেবে উল্লেখ করেছেন।