নর্থ ক্যারোলাইনার উপকূলীয় শহর সাউথপোর্টের ওয়াটারফ্রন্ট বারে এক ব্যক্তির গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
শহরের পাবলিক ইনফরমেশন অফিসার চিয়ান কেচাম এবিসি নিউজকে জানান, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে সাউথপোর্ট ইয়ট বেসিনে গোলাগুলির ঘটনা ঘটে।
বন্দুকধারী ব্যক্তি কেপ ফিয়ারের দিকে আসা একটি নৌকা থেকে অ্যামেরিকান ফিশ কোম্পনির একটি বহিরঙ্গন বার ভেন্যুতে গুলি চালায়। পরে নৌকাটি ইন্ট্রাকোস্টাল ওয়াটারওয়ে ধরে অন্যদিকে চলে যায়।
সাউথপোর্ট শহর কর্তৃপক্ষ ফেসবুক পেজে রাত ১০টার আগে একজন সক্রিয় বন্দুকধারীর সম্পর্কে বাসিন্দাদের সতর্ক করে একটি নোটিশ পোস্ট করেছে। এতে বাসিন্দাদের এলাকাটি এড়িয়ে চলতে এবং বাড়িতে থাকতে পরামর্শ দেওয়া হয়।
কেচাম জানান, রাত ১০টার কিছুক্ষণ পরে অ্যামেরিকার কোস্টগার্ড ওক আইল্যান্ডের এনই ফিফটি ফিফথ স্ট্রিটে পাবলিক বোট র্যাম্পে বন্দুকধারীর বর্ণনার সঙ্গে মিল থাকা একজন ব্যক্তিকে তাদের নৌকায় উঠতে দেখে।
পরে কোস্টগার্ডের দল ওই সন্দেহভাজনকে আটক করে। তাকে বর্তমানে ওক আইল্যান্ড পুলিশ বিভাগ আটক করেছে এবং স্টেট ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সহায়তায় সাউথপোর্ট পুলিশ বিভাগের কাছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হস্তান্তর করা হবে।
সাউথপোর্ট শহরটি কেপ ফিয়ার নদীর মোহনার কাছে অবস্থিত। শহরটিতে প্রায় ৪,৩০০ জন বাসিন্দা রয়েছেন।