চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আইন অমান্য করায় ১৬ জনকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (২৯ নভেম্বর) জানানো হয়, বিমানবন্দরে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করা, বিভিন্ন দোকান ও লাউঞ্জের খাবারের মান ও মূল্যতালিকা যাচাই এবং টার্মিনালের ড্রাইভওয়েতে শৃঙ্খলা বজায় রাখতে গত কয়েক দিন ধরে বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানকালে বিমানবন্দরের নিরাপত্তা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক জিয়াউদ্দিন, বিমানবন্দর পুলিশ ফাঁড়ি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে পার্কিং এলাকা ও ড্রাইভওয়েতে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৭(২) ও ৯০ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ জনকে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় একজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, যাত্রী হয়রানির অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে একজনকে ৩০ দিন এবং অন্য দুজনকে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।