রেডিয়েশন থেরাপি নিচ্ছেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১১ ২০২৫, ১৯:১৮ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ৫:৩৬

প্রেসিডেন্ট পদ থেকে ২০২৫ সালের ২০ জানুয়ারি পদত্যাগ করেন জো বাইডেন। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট পদ থেকে ২০২৫ সালের ২০ জানুয়ারি পদত্যাগ করেন জো বাইডেন। ছবি: রয়টার্স

  • 0

বাইডেনের অফিস চলতি বছরের মে মাসে প্রথম তার প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করে।

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত অ্যামেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের রোগ নিরাময়ে চলছে রেডিয়েশন থেরাপি।

বাইডেনের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানায় বিবিসি।

মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, এর আগে ক্যানসার চিকিৎসায় বাইডেনকে হরমোনাল থেরাপি দেওয়া হচ্ছিল। এখন শুরু হওয়া রেডিয়েশন থেরাপিটি সম্পন্ন করতে পাঁচ সপ্তাহ সময় লাগবে।

এর মধ্য দিয়ে শারীরিক অবস্থার উন্নতি হবে বলে আশা করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা।

বাইডেনের অফিস চলতি বছরের মে মাসে প্রথম তার প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করে।

ওই সময় কর্মকর্তারা জানান, তার শরীরে গুরুতর পর্যায়ে ক্যানসার বাসা বেঁধেছে। ক্যানসারের মাত্রা গ্লিসন স্কোর ৯ এবং রোগটি শরীরের হাড় পর্যন্ত ছড়িয়ে গেছে।

ক্যানসার রিসার্চ ইউকের তথ্য অনুযায়ী, আক্রান্ত রোগীর গ্লিসন স্কোর ৯ থাকার অর্থ হলো এটি উচ্চ মাত্রার সংক্রমণ এবং ক্যানসারের কোষগুলোর দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা।

আশার বিষয় ছিল, বাইডেনের ক্যানসারের ধরনটি হরমোন সংবেদনশীল, যা অনেক সময়ই নিয়ন্ত্রণযোগ্য।

অ্যামেরিকার প্রেসিডেন্ট হিসেবে ২০২১ সালের ২০ জানুয়ারি ক্ষমতায় বসা জো বাইডেন ২০২৫ সালের ২০ জানুয়ারি পদত্যাগ করেন। বর্তমানে ৮২ বছর বয়সী এ ব্যক্তি দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী নেতা।

রাজনীতির বাইরে সাবেক এ প্রেসিডেন্ট ও তার স্ত্রী জিল বাইডেন দীর্ঘদিন ধরে ক্যানসার গবেষণার কাজে যুক্ত।

প্রাণঘাতী এ রোগ প্রতিরোধে এ দম্পতি ২০২২ সালে ‘মুনশট ক্যানসার’ নামের গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো গবেষণা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ২০৪৭ সালের মধ্যে ৪০ লাখ ক্যানসারজনিত মৃত্যু রোধ করা।

বর্তমানে ক্যানসারের সঙ্গে লড়াই করা বাইডেনের বড় ছেলে বো ২০১৫ সালে মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।