ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক এমপি পদ থেকে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ হাফিজ উদ্দিন আহমদ জানান, ই-মেইলের মাধ্যমে তার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন ওসমান ফারুক। পরে তার আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে এমপি পদে বিজয়ী হয়েছিলেন ওসমান ফারুক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংসদ সদস্য হওয়ার পর দীর্ঘদিন ধরে আমেরিকা অবস্থান করছেন ওসমান ফারুক। একইসঙ্গে তিনি ও তার স্ত্রী শারীরিকভাবে অসুস্থ আছেন। অসুস্থতা ও পারিবারিক পরিস্থিতি বিবেচনায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর হাফিজ উদ্দিনের কাছে পদত্যগপত্র পাঠান ওসমান ফারুক। পদত্যাগের সংশ্লিষ্ট আইনি বিধান পর্যবেক্ষণ শেষে তা গ্রহণ করা হয়।
তবে তার পদত্যাগের কারণ নিয়ে দলীয় অঙ্গনে ভিন্ন আলোচনা রয়েছে। বিএনপির অভ্যন্তরীণ একটি সূত্রের দাবি, মন্ত্রিসভায় জায়গা না পাওয়ায় তার মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। সেই অসন্তোষ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তিনি। যদিও এ বিষয়ে ওসমান ফারুক কিংবা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। পরে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।