গত তিন বছরে নিউ ইয়র্ক সিটি হাউজিং অথোরিটি-এনওয়াইসিএইচএ বা নাইচার মালিকানাধীন ৫৪৮টি ফাঁকা বাড়ি অবৈধভাবে দখল করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সংশ্লিষ্ট ৮১জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আইউইটনেস নিউজ জানায়, সম্প্রতি নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ইনভেস্টিগেশন- ডিওআই এর এক প্রতিবেদনে ওঠে এসেছে এ তথ্য।
ডিওআই প্রকাশিত ওই প্রতিবেদনে জানানো হয়, নাইচা নিয়মিত খালি হওয়া আবাসনগুলো পরিদর্শন করে না। এ সুযোগকে কাজে লাগাতে পেরেছেন দখলদাররা।
পরিস্থিতি সমাধানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন বলেও জানিয়েছে ডিওআই কর্তৃপক্ষ।
হাউজিং কর্মকর্তারা জানান, আবাসন দখলের ঘটনাগুলো বেশিরভাগ সম্প্রতি খালি হওয়া এবং সংস্কারের আওতাধীন অ্যাপার্টমেন্টে ঘটেছে, যেখানে সীসা রং ও অ্যাসবেস্টস অপসারণের কাজ চলছিল।
কর্মকর্তারা আরও জানান, দখল করা এসব আবাসনে অনেক সময় অপরাধ চক্রের উপস্থিতি দেখা গেছে।
ব্রঙ্কসের মিচেল হাউসেসে একটি খালি অ্যাপার্টমেন্টে একজন নারীকে বসবাস করতে দেখা গেছে।
ব্রুকলিনের সার্ফসাইড গার্ডেনসে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে কাসল হিল হাউসেসে একটি খালি অ্যাপার্টমেন্ট থেকে এক গ্যাং সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নাইচার প্রপার্টি ম্যানেজমেন্ট অপারেশন্স ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল গ্রিনি জানিয়েছেন, এসব ঘটনা রোধে প্রশাসনের সময় ও ব্যয় বাড়ানো হয়েছে।
একই সঙ্গে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি ও আইন বিভাগের সঙ্গে সমন্বয় করে সন্দেহভাজন ঘটনাগুলোর তদন্ত করা হচ্ছে।
নিউ ইয়র্ক সিটি কাউন্সিলর অ্যালেক্স অ্যাভিলেস বলছেন, এ ধরনের ঘটনা ভয়াবহ। এসব খবর ইতোমধ্যে আবাসন সংকটে থাকা পরিবারগুলোর ওপর আরও চাপ সৃষ্টি করছে।
নিউ ইয়র্ক সিটি জুড়ে সরকারি আবাসনের জন্য অপেক্ষমান তালিকায় আছেন ১ লাখ ৫০ হাজারেরও বেশি বাসিন্দা। এদের মধ্যে বেশ কিছু পরিবার ১০ বছরের বেশি সময় ধরে অপেক্ষমান তালিকায় আছেন।