ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে বেসরকারিভাবে জয় লাভ করেছে ভারতীয় জনতা পার্টি-বিজেপি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আজ (সোমবার) পশ্চিমবঙ্গের ভোট গণনা শুরুর পর ইতোমধ্যে ২০০র বেশি আসনে জয় লাভ করেছে বিজেপি।
যেখানে রাজ্যটিতে নির্ধারিত ২৯৪টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন মাত্র ১৪৮টি আসন।
বিজেপির রেকর্ড সংখ্যক আসন লাভের ফলে এবার শেষ হতে চলেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের শাসন।
অন্যদিকে, রাজ্যটিতে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূলকে হারিয়ে প্রথমবারের মতো সরকার গঠন করবে বিজেপি।
এদিকে, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দোপাধ্যায় তথা বিদায়ী সরকার তৃণমূলের মেয়াদ আগামী ৯ মে পর্যন্ত। এরপরই নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাবে বিজেপি সরকার।
দলটি থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কে দায়িত্বগ্রহণ করবেন, তা নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা।
নির্বাচনের আগে সুনির্দিষ্ট একজন নেতাকে সামনে না রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যানারে প্রচারণা চালিয়েছিল বিজেপি। তাই নতুন সরকারের নেতা ও মুখ্যমন্ত্রী কে হবেন, সেটা সবার কাছে অনিশ্চিত।
তবে, বিজেপি ও পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে বেশ কয়েকজনের নাম প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
তাদের মধ্যে আছেন বিধানসভা নির্বাচনে বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, সাবেক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সংসদ সদস্য স্বপন দাশগুপ্ত প্রমুখ।
সদ্য জয়ী বিজেপি কাকে বেছে নিবে, তা জানতে এখন অপেক্ষায় পশ্চিমবঙ্গের বাসিন্দারা।