মিনেসোটায় সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত থাকলে ‘ইনসারেকশন অ্যাক্ট’ প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।এই আইনের আওতায় প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করতে পারবে ফেডারেল সরকার।
সংবাদ সংস্থা রয়টার্স জানায়, মিনেসোটার মিনিয়াপোলিস শহরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের সাম্প্রতিক অভিযান ও হামলার ঘটনার জের ধরে বিক্ষোভ শুরু হয়। আইসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাস্তায় নামেন অসংখ্য বিক্ষোভকারী।
এবার আন্দোলনকারীদের উদ্দেশে ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, যদি মিনেসোটার স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় এবং “উপদ্রবকারীরা” ফেডারেল সংস্থাগুলোর কাজে বাধা দেয়, তাহলে তিনি ইনসারেকশন অ্যাক্ট কার্যকর করতে দ্বিধা করবেন না।
ইতোমধ্যে মিনিয়াপোলিস ও আশপাশের এলাকায় প্রায় ৩ হাজার ফেডারেল নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
সশস্ত্র অবস্থায় রাস্তায় টহল দিচ্ছে ফেডারেল বাহিনী, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
এক সপ্তাহ আগে ফেডারেল কর্মকর্তার গুলিতে এক ব্যক্তির মৃত্যু ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায়, তবে এ ঘটনা নিয়ে ভিন্ন ভিন্ন দাবি আছে এবং সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
১৮০৭ সালে প্রণীত ইনসারেকশন অ্যাক্ট–এর মাধ্যমে অ্যামেরিকার প্রেসিডেন্ট অভ্যন্তরীণ বিশৃঙ্খলা বা বিদ্রোহ দমনে রাজ্য সরকারের অনুরোধ ছাড়াই ন্যাশনাল গার্ড কিংবা নিয়মিত সেনাবাহিনী মোতায়েন করতে পারেন।
অতীতে এ আইন একাধিকবার বর্ণবাদবিরোধী আন্দোলন ও নাগরিক অস্থিরতার সময় প্রয়োগ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই হুঁশিয়ারি অ্যামেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি করতে পারে—বিশেষ করে যখন দেশটি নির্বাচন-পূর্ব সময়ের দিকে এগোচ্ছে।