ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে যাত্রীবাহী মিনিবাস ও কনটেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। নিহতদের মধ্যে কয়েকজন কলেজ শিক্ষার্থী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, আসামের জাতীয় মহাসড়ক-৭১৫-এ কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে এ দুর্ঘটনা ঘটে। গোলাঘাট থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল মিনিবাসটি। বিপরীত দিক থেকে আসা একটি কনটেইনার ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি দুমড়েমুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন।
গোলাঘাট জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা ২৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধারকর্মীরা দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে মরদেহ ও আহতদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।
পুলিশ জানিয়েছে, মিনিবাসের যাত্রীদের অধিকাংশই তরুণ এবং তাঁদের মধ্যে কলেজ শিক্ষার্থীও ছিলেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, কাজিরাঙা জাতীয় উদ্যানের আশপাশে যানবাহনের গতিসীমা ও চলাচলসংক্রান্ত বিধিনিষেধ রয়েছে। দুর্ঘটনার সময় সেগুলো লঙ্ঘন করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
আহতদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকিতে রাজ্যের মন্ত্রী অতুল বোরাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।