বাংলাদেশ
মিয়ানমার সীমান্তে বসছে কাঁটাতারের বেড়া, ভারতেও পরিকল্পনা

টিবিএন ডেস্ক
প্রকাশিত: জুন ১৭ ২০২৬, ১৫:৪২ হালনাগাদ: জুন ১৭ ২০২৬, ১৬:১৪

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত।
- 0
জাতীয় সংসদে বুধবার এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান।
সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালানসহ বিভিন্ন সীমান্ত অপরাধ দমনে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতেও পর্যায়ক্রমে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা রয়েছে।
জাতীয় সংসদে বুধবার এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান। তিনি বলেন, সীমান্ত সুরক্ষায় সরকার বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তের সংবেদনশীল এলাকাগুলোতে স্মার্ট নজরদারি ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পাশাপাশি ড্রোন, থার্মাল ইমেজার, নাইট ভিশন ডিভাইস ও সিসিটিভির মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে।
মন্ত্রী জানান, সীমান্তে নতুন বিওপি ও টিওবি নির্মাণের ফলে টহল কার্যক্রম আরও জোরদার হয়েছে। সীমান্ত হত্যা ও চোরাচালান রোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। এছাড়া বিজিবি ও বিএসএফের মধ্যে রাতের যৌথ টহল বৃদ্ধি করা হয়েছে।
সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি জানান, বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ বারবার সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিরোধিতা করেছে।
সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে পুশইন হওয়া হাজারো মানুষকে পতাকা বৈঠকের মাধ্যমে গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। গত এক বছরে বিজিবি প্রায় ১ হাজার ৯৭৯ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় প্রায় ১ দশমিক ৭ গুণ বেশি বন্দি রয়েছে। এ সমস্যা সমাধানে নতুন কারাগার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কারা বিভাগের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

