ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী বছরের ৮ অক্টোবর নামিবিয়ার উইন্ডহুকে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ১ অক্টোবর রাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং ও সূচি ঘোষণা করেছে আইসিসি।
আগামী বছরের শুরুতে নতুন কাঠামোর ‘সুপার সিরিজ’ এর ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসরের ১০ দলের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলবে। রানার্স-আপ ও সেমিফাইনালিস্টরা খেলবে সুপার সিরিজে। সুপার সিরিজের সেরা দল গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে।
এরপর ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলংকা এবং বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। ‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও বাছাইপর্ব থেকে আসা একটি দল।
৭ অক্টোবর থেকে বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরু হবে। কেপটাউনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানার্স-আপ ভারত।
ইংল্যান্ডের পর ১২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে কুগোম্পো সিটিতে। এরপর ১৬ অক্টোবর শ্রীলংকা ও ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে খেলবে টাইগাররা।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর সেঞ্চুরিয়ানে বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে।
গ্রুপ পর্ব শেষে সেরা সাত দলকে নিয়ে অনুষ্ঠিত হবে সুপার সেভেন পর্ব। রাউন্ড রবিন পদ্ধতিতে খেলার পর শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে। ১৭ ও ১৮ নভেম্বর দুই সেমিফাইনাল এবং ২১ নভেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে ফাইনালের মহারণ।