সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। একই সঙ্গে সামাজিক মাধ্যমে আইন, জননিরাপত্তা ও শৃঙ্খলাবিরোধী কোনো বিষয় প্রকাশ, প্রচার বা শেয়ার না করার জন্য প্রবাসীদের সতর্ক করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার পক্ষ থেকে জারি করা এক বিশেষ সচেতনতা ও জনকল্যাণমূলক বিজ্ঞপ্তিতে এসব সতর্কতার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের কল্যাণ, অধিকার সুরক্ষা, নিরাপদ প্রবাসজীবন এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কনস্যুলেট কাজ করে যাচ্ছে। প্রবাসীদের বৃহত্তর স্বার্থে সৌদি আরবের স্থানীয় আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
কনস্যুলেটের বিজ্ঞপ্তিতে সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় আইন, জননিরাপত্তা বা শৃঙ্খলাবিরোধী কোনো বিষয় প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা আদান-প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি এ ধরনের সংবেদনশীল পোস্টে লাইক, মন্তব্য বা শেয়ার করার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে।
সেইসঙ্গে কর্মস্থলে যোগদান বা অন্য কোনো প্রয়োজনে কোনো কাগজপত্রের বিষয়বস্তু সম্পূর্ণভাবে না বুঝে তাতে স্বাক্ষর বা আঙুলের ছাপ না দেওয়ার পরামর্শ দিয়েছে কনস্যুলেট। বিশেষ করে সাদা কাগজে স্বাক্ষর বা আঙুলের ছাপ দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া নিজের ইকামা বা পরিচয়পত্র ব্যবহার করে অন্য ব্যক্তি, কফিল বা প্রতিষ্ঠানের নামে মোবাইল সিম, যানবাহন কিংবা অন্য কোনো সম্পদ কেনাবেচা বা নিবন্ধন না করার জন্যও সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এক অঞ্চল বা প্রতিষ্ঠানের ইকামা ব্যবহার করে অন্য অঞ্চল বা প্রতিষ্ঠানে কাজ করা, রাস্তায় পড়ে থাকা পণ্য বা স্ক্র্যাপ সংগ্রহ ও বিক্রি, অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা পরিচালনা এবং অবৈধভাবে পানি বিক্রির মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। এসব কর্মকাণ্ড স্থানীয় আইনে দণ্ডনীয় হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয় ও লেনদেনের উদ্দেশ্য যথাযথভাবে নিশ্চিত না হয়ে কোনো ধরনের অবৈধ আর্থিক লেনদেনে জড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে কনস্যুলেট। পাশাপাশি চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার বিষয়েও প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের সচেতনতা এবং স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ সৌদি আরবে তাদের নিরাপদ, সুশৃঙ্খল ও সম্মানজনক জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সৌদি আরবে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সব প্রবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা।