মানবিক বিবেচনায় ইরানি বেসামরিক ফ্লাইটের জন্য অ্যামেরিকান নিষেধাজ্ঞায় বিশেষ ছাড়ের দাবি জানিয়েছেন, ইরাকের প্রধানমন্ত্রী আলি আল জাইদি।
শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ভুক্তভোগীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ওয়াশিংটনের সাথে আলোচনা শুরু করেছে বাগদাদ। বিশেষ করে শিয়া পুণ্যার্থীদের মূল কেন্দ্র নজাফ বিমানবন্দরে অচলাবস্থা তৈরি হওয়ায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে যোগাযোগ শুরুর ওপর জোর দিয়েছে বাগদাদ।
ইরানি বিমান সংস্থার ওপর অ্যামেরিকার সাম্প্রতিক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ইরাকের বিমানবন্দরগুলোতে তীব্র জটিলতা তৈরি হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকরের ফলে নাজাফ বিমানবন্দরসহ ইরাকের বিভিন্ন বিমানবন্দরে বিমান চলাচল থমকে গেছে, যার ফলে বহু শিয়া পুণ্যার্থী, শিক্ষার্থী ও রোগীরা ভোগান্তিতে পড়েছেন এবং স্থলপথে দীর্ঘ ১২ ঘণ্টার পথ পাড়ি দিতে বাধ্য হচ্ছেন।
এদিকে, তেহরান জানিয়েছে চায়না, ভিয়েতনাম, মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ইরানি ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।