সাউদার্ন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের কাছে উপকূলীয় এলাকায় স্থানীয় সময় শনিবার (২৮ নভেম্বর) সকালে ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ম্যানহাটন বিচের পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩ দশমিক ৭ মাইল দূরে। ভূপৃষ্ঠের প্রায় ৭ দশমিক ৬ মাইল গভীরে এর উৎপত্তি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পরপরই লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জরুরি প্রস্তুতি কার্যক্রম শুরু করে। সংস্থাটির মুখপাত্র লিন্ডসে ল্যান্টজ জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। শহরের ১০৬টি এলাকার ফায়ার স্টেশনের কর্মীরা স্থল, আকাশ ও সমুদ্রপথে নিজ নিজ এলাকায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করছেন।
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও শহরজুড়ে ভূমিকম্পের সম্ভাব্য প্রভাব যাচাই করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী হালনাগাদ তথ্য জানানো হবে।
ক্যালিফোর্নিয়া অফিস অব ইমার্জেন্সি সার্ভিসেস জানিয়েছে, ভূমিকম্পের প্রভাব যাচাইয়ে তারা স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। সংস্থাটি সামাজিকমাধ্যমে দেওয়া বার্তায় বলেছে, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। তাই সম্ভাব্য পরবর্তী কম্পন বা আফটারশকের জন্য প্রস্তুত থাকতে হবে।