বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকলিন গাইজ বেজোসের মৃত্যু হয়েছে, যার বয়স হয়েছিল ৭৮ বছর।
এনবিসি নিউজ শুক্রবার জানায়,সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে জেফ বেজোস তার মায়ের মৃত্যুর বিষয়টি জানান।
স্বামী মাইক বেজোসকে সঙ্গে নিয়ে জ্যাকলিন প্রতিষ্ঠিত ফাউন্ডেশন বেজোস স্কলার্স প্রোগ্রাম জানায়, ফ্লোরিডার মায়ামির বাড়িতে বৃহস্পতিবার মৃত্যু হয় ডিমেনশিয়ায় আক্রান্ত জ্যাকলিনের।
ইনস্টাগ্রাম পোস্টে জ্যাকলিনের জ্যেষ্ঠ সন্তান জেফ বেজোস জানান, লুয়ি বডি ডিমেনশিয়া-এলবিডির সঙ্গে দীর্ঘ লড়াই শেষে চলে গেছেন তার মা। তিনি রেখে গেছেন তার স্বামী, সন্তান ও নাতি-নাতনিদের।
লুয়ি বডি ডিমেনশিয়ার ফলে মস্তিষ্কের স্নায়ু কোষগুলোতে লুয়ি বডি নামের এক ধরনের প্রোটিন বডি জন্ম নেয়।
মায়ো ক্লিনিকের মতে, আক্রান্ত ব্যক্তির মস্তিষ্কের চলাচল, স্মৃতি ও চিন্তা নিয়ন্ত্রণকারী অংশে প্রভাব ফেলে এ ধরনের ডিমেনশিয়া।
প্রতিষ্ঠানটি আরও জানায়, এলবিডির অন্য লক্ষণগুলোর মধ্যে রয়েছে চলাচল স্লথ হয়ে যাওয়া, সংশয়, বিষণ্নতা ও স্মৃতিশক্তি হারানো। আলঝেইমার রোগের পর এটি ডিমেনশিয়ার দ্বিতীয় সাধারণতম ধরণ।
বেজোস স্কলার্স প্রোগ্রাম জানায়, জ্যাকলিন গাইজ বেজোসের জন্ম ওয়াশিংটন ডিসিতে। পরবর্তী সময়ে পরিবারের সঙ্গে নিউ মেক্সিকোর আলবুকাকিতে চলে যান তিনি।
উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় ১৭ বছর বয়সে জ্যাকলিনের প্রথম সন্তান জেফ বেজোসের জন্ম হয়।
ফাউন্ডেশনটি আরও জানায়, কিউবার তরুণ অভিবাসী মিগুয়েল (মাইক) বেজোসের সঙ্গে প্রেমের পর ১৯৬৮ সালের ৫ এপ্রিল তাকে বিয়ে করেন জ্যাকলিন। প্রতিটি ক্ষেত্রে দুজনের গভীর এ সম্পর্ক ছিল জীবনভর।