ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে—ইযরায়েলের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার দাবি, ইযরায়েল অ্যামেরিকাকে প্রতারিত করে নিজেদের স্বার্থে আরো একটি যুদ্ধে জড়াতে চাইছে।
ইযরায়েলের প্রতিটি অভিযোগই তাদের নিজস্ব অপরাধের এক একটি স্বীকারোক্তি বলে মন্তব্য করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
সামাজিকমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আব্বাস আরাঘচি বলেন, ‘গণবিধ্বংসী অস্ত্রে (ডব্লিউএমডি) সজ্জিত একটি শাসনব্যবস্থা ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ তুলছে।’ তিনি মন্তব্য করেন, পুরো বিশ্ব এখন জানে যে ইযরায়েলের ক্ষেত্রে প্রতিটি অভিযোগই আসলে এক ধরনের স্বীকারোক্তি।
পোস্টের সঙ্গে দেয়া এক বিবৃতিতে আরাঘচি উল্লেখ করেন, পারমাণবিক, রাসায়নিক বা জৈবিক অস্ত্র নিষিদ্ধ করার কোনো সনদে যোগ দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে ইযরায়েল সরকার।
তার ভাষ্য অনুযায়ী, ইযরায়েলের হাতে শত শত পারমাণবিক ওয়ারহেড রয়েছে; দেশটি এই অঞ্চলের সাতটি দেশে হামলা চালিয়েছে এবং তিনটি দেশের ভূখণ্ড দখল করে রেখেছে। শুধু গত এক বছরেই তারা ইরানের বিরুদ্ধে দুটি ব্যর্থ যুদ্ধে অ্যামেরিকাকে টেনে এনেছে।
আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে ধারণা করা হয় যে ইযরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে দেশটি এ বিষয়ে বরাবরই কোনো স্বীকারোক্তি বা অস্বীকৃতি জানায়নি, আর স্বচ্ছতা নিশ্চিত করতে তাদের ওপর আন্তর্জাতিক চাপও খুব সামান্য বা একেবারেই নেই। সম্প্রতি স্টেইট সেক্রেটারি মার্কো রুবিও ইযরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র থাকার স্বীকারোক্তিমূলক ইঙ্গিত দিয়েছেন।