ভারতের নর্দমায় আটকে গেল গরু, টেনে তুললেন অস্ট্রেলিয়ার পর্যটক

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮ ২০২৫, ০:২১ হালনাগাদ: ডিসেম্বর ২৯ ২০২৫, ২:০০

ভারতে ঘুরতে আসা অস্ট্রেলিয়ার নাগরিক ডানকান ম্যাকনট গরুটিকে টেনে তোলেন। ছবি: ইনস্টাগ্রাম

ভারতে ঘুরতে আসা অস্ট্রেলিয়ার নাগরিক ডানকান ম্যাকনট গরুটিকে টেনে তোলেন। ছবি: ইনস্টাগ্রাম

  • 0

গরু উদ্ধারের সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

পথ চলতে গিয়ে ভারতের পরিত্যক্ত এক নর্দমায় পড়ে যায় একটি গরু। প্রাণীটির পেছনের দুই পাসহ শরীরের অর্ধেক অংশ ছিল ছিল নর্দমার ভেতরে। আর বাকি অর্ধেক অংশ নর্দমার বাইরে।

এমন অসহায় অবস্থায় গরুটি নজরে আসে অস্ট্রেলিয়া থেকে আগত পর্যটক ডানকান ম্যাকনটের। সঙ্গে সঙ্গে উদ্ধার করতে ছুটে যান ম্যাকনট।

উদ্ধারের সেই ভিডিও তিনি প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। ভিনদেশির এ মানবিক তৎপরতার ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।

ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে ম্যাকনটকে বলতে শোনা যায়, ‘সে এই মাত্র পড়ে গেল।আমরা তাকে উদ্ধার করতে যাচ্ছি। ওহ! নিষ্পাপ গরুটি আটকে গেছে। ঠিক আছে, বন্ধু।‘

এরপর ভিডিওতে দেখা যায়, ম্যাকনট প্রথমে একাই নর্দমা থেকে তোলার চেষ্টা করেন গরুটিকে, কিন্তু চতুষ্পদী প্রাণীটির ভার ছিল অনেক বেশি। তারপর অন্য এক ব্যক্তির সহায়তায় গরুটিকে নিরাপদে টেনে তোলেন ভারত দেখতে আসা এ ব্যক্তি।

কোনো নাটকীয়তা ছাড়াই ম্যাকনটের এ প্রাণবন্ত, সাবলীল আচরণ মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। ভিডিওর মন্তব্যের ঘরে তাকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।

একজন লিখেছেন, ‘অবশেষে এমন একজনকে দেখলাম, যিনি কোনো ফিল্মি আচরণ ছাড়াই সত্যি সত্যি সাহায্যের জন্য এগিয়ে এসেছেন।’

অপর একজন মন্তব্য করেন, ‘অশেষ শ্রদ্ধা আপনাকে। পৃথিবীতে আপনার মতো এমন আরও অনেক মানুষ দরকার।’

অস্ট্রেলিয়ার এ পর্যটকও তার আরেক ভিডিওতে প্রশংসা করেন ভারতীয়দের।

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা সত্যি নয়। ভারত বৈচিত্র্যময় প্রকৃতি, সংস্কৃতি ও দারুণ সব মানুষে পূর্ণ এক সুন্দর দেশ।

‘পরবর্তী তিন মাসের ভ্রমণে ভারতের এই সুন্দর অংশ আপনাদের সামনে তুলে ধরব।‘